ঘূর্ণিদুর্গত এলাকা ও নার্সিং কলেজ পরিদর্শনে রাজকুমারী অ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ব্রিটিশ রাজকুমারী অ্যান এলিজাবেথ লুই গতকাল বুধবার বাগেরহাটের মংলায় সেভ দ্য চিলড্রেনের (ইউকে) কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল তিনি সাতক্ষীরায় আইলা-দুর্গতদেরও দেখতে যান।এ ছাড়া রাজকুমারী অ্যান মঙ্গলবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেন। অ্যান মংলায় সেভ দ্য চিলড্রেনের দারিদ্র্য বিমোচন কার্যক্রম পরিদর্শন করেন। এ প্রকল্পের মাধ্যমে হতদরিদ্রদের অবস্থার উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। রাজকুমারী মংলার চিলাবাজার গ্রামের দরিদ্র নারীদের সঙ্গে কথা বলেন। ঘূর্ণিঝড় ও আইলায় ক্ষতিগ্রস্ত ওই নারীরা বিশুদ্ধ পানির সংকটের কথা রাজকুমারীর কাছে তুলে ধরেন। রাজকুমারী দারিদ্র্য বিমোচনের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সেভ দ্য চিলড্রেনকে পরামর্শ দেন। অ্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স ও সেভ দ্য চিলড্রেনের দেশীয় পরিচালক সুমন সেনগুপ্ত। এদিকে, রাজকুমারী অ্যান মঙ্গলবার মিরপুরে গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ পরিদর্শনের সময় শিক্ষার্থীদের ক্যাপিং অনুষ্ঠানে যোগ দেন। এ সময় অন্যান্যের মধ্যে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। গ্রামীণ ও স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে গত বছর কলেজটি প্রতিষ্ঠিত হয়।