ঘূর্ণিদুর্গত মানুষের সহায়তায় গ্রামীণ রেডিও হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় দুর্গত মানুষের পুনর্বাসন কর্মকাণ্ডে সহায়তার লক্ষ্যে গ্রামীণ রেডিও চালু করা হবে। স্থানীয় লোকজনই এ রেডিওর বিভিন্ন অনুষ্ঠান করবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সার্ভিস যৌথভাবে এই রেডিও চালু করবে।সম্প্রতি বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় কৃষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এফএওর বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকারস এ কথা জানান। স্পাইকারস বলেন, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষের পুনর্বাসনের জন্য আরও সহায়তা প্রয়োজন। কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে তাঁদের সহায়তা দেওয়া যেতে পারে। স্থানীয় লোকেরাই রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য দিলে তা আরও ইতিবাচক হতে পারে বলে মত দেন এফএও প্রতিনিধি। তিনি আরও বলেন, শক্তিশালী তথ্য যোগাযোগ ব্যবস্থায় গ্রামীণ জনগণের জানার পরিধি বাড়ায়। এফএওর সদর দপ্তর থেকে বিশেষজ্ঞরা রেডিওর জন্য স্থানও পরিদর্শন করেছেন। তাঁরা এ বিষয়ে বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। বিজ্ঞপ্তি।