ঘের উচ্ছেদ আন্দোলনের নেতাদের মারধরের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধ চিংড়িঘের উচ্ছেদ আন্দোলনের নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জগদীশ মণ্ডল ও কুমারেশ সরদারকে মারধরের প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা সদরে মিছিল ও সমাবেশ হয়েছে।সকাল ১০টার দিকে ভূমিহীন সমিতির উদ্যোগে বের হওয়া একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে জড়ো হয়। সেখানে কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, ওহিদুজ্জামান, আরতি মণ্ডল, আবু মুসা, নিরাপদ দফাদার ও সিদ্দিকুর রহমান। সমাবেশ শেষে অবিলম্বে জবরদখলকারী চিংড়িচাষি সাইফুল ইসলামের হাত থেকে জমি ফেরত পাওয়া ও মারধরকারী ব্যক্তিদের শাস্তির দাবিতে উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, লতা ইউনিয়নের তেঁতুলতলা, গঙ্গারকোনা ও মাজারাবাদ গ্রামের দুই হাজার ৩০০ বিঘা জমিতে এলাকাবাসীর ইচ্ছার বিরুদ্ধে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি কয়েক বছর ধরে জোর করে লোনাপানি তুলে চিংড়ি চাষ করে আসছেন। দুই মাস ধরে এলাকাবাসী ওই ঘের উচ্ছেদ করার দাবিতে আন্দোলন করে আসছে। গত শুক্রবার সকালে সাইফুলের লোকেরা আগরঘাটা পিপের বাড়ি মোড়ে উচ্ছেদ আন্দোলনের নেতা ও ইউপি সদস্য জগদিশ মণ্ডল এবং কুমারেশ সরদারকে বেদম মারধর করে।ঘেরমালিক সাইফুল ইসলাম বলেন, ‘যারা অভিযোগ করছে, তাদের সেখানে কোনো জমিই নেই। আর যাদের জমিতে ঘের তাদের কোনো অভিযোগ নেই।’