যশোরের কেশবপুর উপজেলার ধনপোতা এলাকায় কেশবপুর-পাটকেলঘাটা পাকা রাস্তার প্রায় চার ফুট কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে ওই ঘটনার সময় বাধা দিতে গেলে একজনকে কুপিয়ে জখম করা হয়।
সড়কটি কাটায় কেশবপুরের সঙ্গে সাতক্ষীরার সহজ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লাবিত হয়েছে উপজেলার বগা, রেজাকাঠি ও মহাদেবপুর গ্রাম। প্রভাবশালী ঘেরমালিকেরা জলাবদ্ধ থাকা তাঁদের মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য রাস্তাটি কেটেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী জানান, কপোতাক্ষের নাব্যতা না থাকায় বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে উপজেলার বিদ্যানন্দকাঠি, সাগরদাঁড়ি ও ত্রিমোহিনী ইউনিয়নের ২৫টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। এই জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত মাছের ঘের। বিলগুলোর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ঘের করায় জলাবদ্ধ হয়ে পড়েছে লোকালয়। এদিকে পানির চাপ বাড়ায় ঘেরগুলো থেকে মাছ ভেসে যাচ্ছে।
এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, আওলগাতি ও শ্রীপুর এলাকার বিলে আবদুস সাত্তার হাজি, সাগর খান, ময়নাসহ এলাকার কয়েকজন ব্যক্তি বড় বড় মাছের ঘের করেছেন। মাছ ভেসে যাওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে কেশবপুর-পাটকেলঘাটা সড়ক কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করছিলেন। কিন্তু এলাকার লোকজন রাত-দিন ওই রাস্তায় পাহারার ব্যবস্থা করেন।
রেজাকাঠি গ্রামের নুরুল ইসলাম বলেন, ‘বুধবার দিবাগত রাত চারটার দিকে ঘেরমালিকদের ভাড়াটে কয়েকজন লোক এসে সড়ক কেটে দেয়। এ সময় রেজাকাঠি গ্রামের ফারুক হোসেনসহ এলাকার কয়েকজন লোক বাধা দিতে গেলে তারা ফারুক হোসেনকে কুপিয়ে আহত করে। ফারুককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কৃষক বাবলু রহমান অভিযোগ করেন, ঘেরমালিকেরা নিজেদের স্বার্থে রাস্তা কেটে দিয়েছেন। এতে তিন গ্রামের বিলের প্রায় এক হাজার বিঘা আধা পাকা আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া হলুদ, আখ ও সবজিখেতও তলিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ধনপোতার পুকুরপাড়ের প্রায় চার ফুট রাস্তা কেটে দেওয়া হয়েছে। শত শত লোক এসে পানির মধ্য দিয়েই রাস্তা পার হচ্ছেন।
সড়কটি কাটার ব্যাপারে জানতে চাইলে ঘেরমালিক আবদুস সাত্তার হাজি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমাকে অহেতুক দোষারোপ করা হচ্ছে।’
অপর ঘেরমালিক সাগর খান বলেন, ‘আমি ওই রাস্তা কাটতে যাব কেন? আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাস্তা কেটেছে আওলগাতি ও শেখপুরার লোকেরা। তাঁদের বাড়িঘর থেকে পানি নামাতে এ কাজ করেছেন।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ‘যারা সড়ক কেটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেছি। আর রাস্তা মেরামতের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলেছি।’
উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যে রাস্তাটি মেরামত করে দেব।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘সড়ক কেটে দেওয়ার ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি।’