ঘেরে পানি তোলায় ২০০ একরের পাকা ধান নষ্ট
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবেস্টিন এলাকায় বাগদা চিংড়ির ঘেরে পানি ওঠানোর কারণে প্রায় ২০০ একর জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘেরে লবণপানি তুলে খেতের পাকা ধান নষ্ট করার প্রতিবাদে চরবেস্টিনের ক্ষতিগ্রস্ত কৃষকেরা গত বুধবার থেকে এলাকার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। তাঁরা বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দুপুরে কয়েকটি ঘেরে হামলা চালিয়ে তিনটি স্লুইসগেট ও অন্যান্য স্থাপনা ভেঙে দেন। কৃষকদের অভিযোগ, এলাকার তিনটি ঘেরের মালিকপক্ষ কাউকে কিছু না বলে গত মঙ্গলবার গভীর রাতে ঘেরের স্লুইসগেট খুলে দিয়ে এলাকায় লবণপানি ওঠায়। এতে প্রায় ৬০০ একর জমি প্লাবিত হয়। লবণপানিতে ডুবে যাওয়া ওই জমির মধ্যে কমপক্ষে ২০০ একরের পাকা ধান আর ঘরে তোলা সম্ভব হবে না। চরবেস্টিনের কৃষক মো. আনছার মাতুব্বর জানান, তিনি এ বছর নিজের তিন একরসহ মোট ১২ একর জমিতে কালাকোড়া ও মাটিরচাক জাতের ধান চাষ করেছেন। লবণপানি ওঠানোর কারণে তাঁর সব ধান নষ্ট হয়ে গেছে। চরবেস্টিনের মোকছেদ মিয়ার স্ত্রী সাহানারা বেগম (৩০) বলেন, ‘জমি আমাগো, ঘের অন্যের। হেরা ঘের কইর্যা জমিতে আমাগো হাঁস-মোরগ নামতে দেয় না। আর এইবার নুনাপানি (লবণপানি) উঠাইয়া আমাগো ধানও শ্যাষ করল।’ওই এলাকার ঘেরের মালিক ও গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা বলেন, ‘চরবেস্টিনের কোনো ঘেরেই কেউ পানি ওঠায়নি। চরবেস্টিন-চরমাইনকার মধ্যবর্তী রামনাবাদ নদীর একটি শাখার ওপর বাঁধ নির্মাণের কাজ চলছে। ওই বাঁধের কাজ করতে ঠিকাদারেরা চরবেস্টিনের গাজীর খালে আরেকটি বাঁধ দিয়েছেন। এ কারণে প্রবল জোয়ারের পানি উপচে উঠে এলাকায় ঢুকে পড়েছে।’ঘেরে পানি তোলার অভিযোগ অস্বীকার করে আরেক ঘেরের মালিক মো. বাহাউদ্দিন খলিফা বলেন, ‘আমরা কেউ ঘেরে পানি তুলিনি। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের পানি বাঁধ উপচে ঘেরের ভেতর ঢুকে পড়েছে।’