ঘেরে বিষ দিয়ে মাছ চুরি গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি ঘেরে বিষ দিয়ে তিন লক্ষাধিক টাকার চিংড়ি মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার ডুমুরিয়া গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। মাছ চুরির অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। তাঁর নাম নীহার রঞ্জন (৩২)। বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা নির্মলেন্দু বাড়ৈ ওই গ্রামে দুই একর জমিতে চিংড়ির চাষ করে আসছিলেন। সোমবার রাতে ঘেরে বিষ দেয় দুর্বৃত্তরা। মরে ভেসে ওঠার পর তারা জাল দিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে যায়। মাছসহ কয়েকজন মঙ্গলবার ভোরে রাজিহার গ্রাম এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ করে। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে কয়েকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নীহার রঞ্জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।মাছ চুরির অভিযোগে ঘেরের মালিক নির্মলেন্দু বাড়ৈ মঙ্গলবার ছয়জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নীহার রঞ্জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।