ঘেরের দখলে তিতাস, চলছে পোনা ও মা-মাছ নিধন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীতে ঘের দিয়ে নির্বিচারে পোনা ও মা-মাছ নিধন করা হচ্ছে। ঘেরের মালিকেরা প্রভাবশালী হওয়ায় এই পোনা নিধন বন্ধ করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।মেঘনা নদী থেকে শুরু হয়ে মেঘনা নদীতেই পতিত হওয়া ৪৫ কিলোমিটার দীর্ঘ তিতাস নদীটি একসময় প্রচণ্ড খরস্রোতা ছিল। আছাদনগর গ্রামের ষাটোর্ধ্ব কাদির মিয়া বলেন, ‘ডরে (ভয়ে) ছোডকালে (ছেলে বেলায়) নদীর পানিতে নামতাম না, অনেক খোছ (গভীর) আছিল। আর অহন হাইট্টা নদীর এই পাড় থেইক্কা ওই পাড়ে যাওন যায়। নদীতে আর অহন মাছও নাই। লঞ্চ চলত, বড় বড় গয়না নৌকা চলত।’ কালের বিবর্তনে নদীর নাব্যতা হারিয়ে ক্রমশ মরা নদীতে পরিণত হচ্ছে। আর নাব্যতা হারানোর পেছনে নদী দখল, নদীতে ঘের দেওয়া অন্যতম কারণ।সরেজমিনে নদীটির প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার কালিকাপুরের পশ্চিম প্রান্ত (কুমিল্লার হোমনা উপজেলা সদরের শ্রীমদ্দি) থেকে রাধানগর, বুধাইরকান্দি, উজানচর, ঘাগুটিয়া, চন্ডিপুর, পাইকারচর, কমলপুর, সাহেবনগর, আছাদনগর, ছলিমাবাদ, কালাইনগর, বাঞ্ছারামপুর সদর, ভুরভুরিয়া, চরলোহনিয়া, পূর্বহাটি, ফরদাবাদ, গকুলনগর, মধ্যনগর, ডোমরাকান্দি, শরীফপুর, আকানগর অংশে তিতাস নদীতে শুধু ঘের আর ঘের। এসব ঘেরের মালিক বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলার লোকজন। এঁরা বেশির ভাগই আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থক। মাছ ধরতে একেবারেই ঘন (চিকন মশারির জাল) জাল ব্যবহার করছেন এসব ঘেরের মালিকেরা। এই ঘন জাল থেকে কোনো (আধা সেন্টিমিটারের কম) পোনা মাছই রেহাই পায় না। ঘেরের মালিকেরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থাই নিতে পারছে না কর্তৃপক্ষ। হোমনার ঘাগুটিয়া গ্রামের মহনিস মিয়া জানান, ‘দুই-তিন বছর আগে স্যারেরা আইয়া নদীর মইদ্দে খেও (ঘের) দিতে মানা কনরা গেছে। হেই সময় নদীর মইদ্দে লাল নিশান দিয়া দিছিল। কয় দিন পরেই লাল নিশান তুইল্লা ফালাইয়া দিছে খেওয়ের মালিকেরা।’ঘেরের মালিক আবদুল জলিল বলেন, নদী থেকে মাছ ধরতে হলে ঘন জালের কোনো বিকল্প নেই। এতে বড় থেকে শুরু করে ছোট মাছ সবই পাওয়া যায়।আরেক ঘেরের মালিক জোগেশ দাস বলেন, ‘ঘের দিতে এখন অনেক টাকা খরচ হয়। খরচ পোষাইতে গিয়া ছোড মাছও ধরন লাগে।’ না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, খেওয়ের (ঘেরের মধ্যে) ভেতরে ছোট-বড় যা মাছ থাকে সবই ধরা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রথম আলোকে বলেন, তিতাস নদীতে ঘের দিয়ে মাছের পোনাসহ মা-মাছ নিধন করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে তিতাস মাছশূন্য হয়ে পড়বে। আর ঘেরের মালিকেরা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় কয়েকবার ব্যবস্থা নিতে গিয়েও ফিরে আসতে হয়েছে। সব সরকারের আমলেই লোকজন প্রভাব বিস্তার করছে। পলি জমে নদীর নাব্যতা হারানোর পাশাপাশি দুই পাড় দখল করে সংকুচিত করা হয়েছে।