ঘেরের মাছ লুট চার শতাধিক গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার একটি মাছের ঘেরে হামলা চালিয়ে ঘেরের পাড়ের বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।এ ছাড়া ঘেরের কয়েক লাখ টাকার মাছ লুটে নিয়েছে তারা। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে প্রেমবাগের রূপ-সনাতন ধামসংলগ্ন শারিয়াদ হোসেনের (৪০) মাছের ঘেরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার নওয়াপাড়ার গ্রামের প্রেমবাগ এলাকায় জমি কিনে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন শারিয়াদ। সম্প্রতি ওই ঘেরের পাঁচ বিঘা জমির মধ্যে এক বিঘা জমির মালিকানা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। জমির মালিকানা দাবি করে ওই ব্যক্তি আদালতে একটি মামলাও করেন। শারিয়াদ হোসেন অভিযোগ করেন, ৪০-৪৫ জন লোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে গতকাল ভোর পাঁচটার দিকে তাঁর মাছের ঘেরে হামলা চালায়। এ সময় তারা ঘেরের রক্ষণাবেক্ষণকারী আবদুল মান্নানকে (৭০) লাঞ্ছিত করে ঘের থেকে বের করে দেয়। এরপর তারা জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায়। ঘেরের ঘরটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। এতে তাঁর ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) তাইজুর রহমান ফকির বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।’