ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ যাত্রীদের দুর্ভোগ
পূর্বঘোষণা ছাড়াই গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জয়পুরহাট জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এ সময় কোনো যাত্রীবাহী বাস চলাচল না করায় এবং ঢাকাগামী কোনো কোচ না ছাড়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
জেলা মোটরশ্রমিক সূত্র জানায়, ৬ ডিসেম্বর দুটি জাতীয় পত্রিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া তথ্য সূত্রের বরাত দিয়ে সীমান্তসংলগ্ন বিভিন্ন জেলার অস্ত্র চোরাকারবারি ও গডফাদারদের নামের তালিকাসংবলিত একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে জয়পুরহাট জেলার বিএনপি ও আওয়ামী লীগদলীয় মোট ১২ জন নেতা এবং বিজিবির চারজন সদস্যের নাম রয়েছে। এর মধ্যে জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নামও আছে। শ্রমিকনেতা গোলাম মোস্তফার নাম প্রকাশ হওয়ার প্রতিবাদে মোটরশ্রমিকেরা গতকাল ভোর ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার হাফিজ জানান, শ্রমিকেরাই নিজ উদ্যোগে পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। মোটরশ্রমিক ইউনিয়ন সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি দেয়নি।
তবে গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে ১৫-১৬ বার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।