ঘোষণার বাইরের অনেক এলাকায় গ্যাস ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের পশ্চিম পাশের এলাকাগুলোতে গতকাল সকাল ১০টা থেকে আট ঘণ্টা গ্যাস না থাকার ঘোষণা ছিল। কিন্তু এর বাইরেও অনেক এলাকায় গতকাল দিনভর গ্যাস ছিল না। পূর্বপ্রস্তুতি না থাকায় এলাকার লাখ লাখ বাসিন্দা বড় ধরনের সমস্যায় পড়েন। অনেকে হোটেল থেকে খাবার সংগ্রহ করেন। কোনো কোনো বাসিন্দা বিকল্প ব্যবস্থায় রান্না করেন।
এলাকা ঘুরে এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি গত মঙ্গলবার জানিয়েছিল, আগারগাঁও-মিরপুরের কিছু এলাকায় বুধবার সকাল আটটা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস থেকে বলা হয়েছিল, মেট্রোরেল প্রকল্পের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্টের অধীন এই মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুর আগে গ্যাসের পাইপলাইন সরানো জরুরি। এলাকাগুলো হচ্ছে আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর এলাকার সড়কের পশ্চিম পাশের মণিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, সেনপাড়া ও আশপাশের এলাকা। তিতাসের পক্ষ থেকে বলা হয়, গ্যাস বন্ধ থাকার বিষয়টি এলাকায় এলাকায় মাইকিং করেও প্রচার করা হয়। তবে বিভিন্ন এলাকায় গিয়ে জানা যায়, অনেকেই মাইকিং শুনতে পাননি।
আগারগাঁও থেকে মিরপুর সড়কের পূর্ব প্রান্তের এলাকাগুলোয় গ্যাস না থাকার কোনো ঘোষণা ছিল না। কিন্তু পূর্ব শেওড়াপাড়া মনিপুর স্কুলের (শাখা-৩) আশপাশের এলাকায় অনেক বাড়িতেই দিনভর গ্যাস সরবরাহ বন্ধ ছিল। স্কুলের উত্তর পাশের একটি বহুতল ভবনের মালিক কবিরুল ইসলাম জানান, সকালে চা চাইলে তাঁর স্ত্রী জানান, চুলা জ্বলছে না। পরে নাশতা এবং দুপুরের খাবারও তৈরি করা সম্ভব হয়নি। কারণ, গ্যাসের চুলা জ্বলেনি। এলাকার একটি হোটেল থেকে খাবার সংগ্রহ করতে হয়েছে।
ওই এলাকার কোনো বাড়িতেই গ্যাস ছিল না বলে বাসিন্দারা জানিয়েছেন। এলাকায় একটি বিরিয়ানি দোকানের শাখা রয়েছে। সেখানে দুপুরে কোনো খাবার পাওয়া যায়নি।
পূর্ব কাজীপাড়ারও অনেক বাড়িতে গ্যাস না থাকার অভিযোগ করেছেন বাসিন্দারা। একটি বাড়ির বাসিন্দা রফিকুর রহমান বলেন, বেলা ১১টার দিকে তাঁদের ঘরে চুলা জ্বলছিল না। ভেবেছেন অভ্যন্তরীণ সমস্যা। পরে পার্শ্ববর্তী বাড়িগুলোতে খোঁজ নিয়ে জানতে পারেন, সেসব বাড়িতেও গ্যাস নেই। এলাকায় গ্যাস থাকবে না বলে কোনো ঘোষণাও ছিল না। পশ্চিম এলাকায় মাইকিং করা হয়েছে বলা হলেও অনেকে অভিযোগ করেছেন, তাঁরা শুনতে পাননি। আদৌ মাইকিং করা হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন একাধিক বাড়ির বাসিন্দা। পীরেরবাগ, বড়বাগ, সেনপাড়া এলাকার বাসিন্দারাও একই অভিযোগ করেন।
কাজীপাড়ার ইটখোলা বাজার এলাকায় গ্যাসের অভাবে বড় সমস্যায় পড়েন এলাকাবাসী। বিকল্প উপায়ে রান্নাবান্না করছেন বাসিন্দারা। রাশেদা আক্তার নামের একজন গৃহিণী টেলিফোনে জানান, গত বছর গ্যাসের সমস্যা বেশি হওয়ায় কেরোসিনের চুলা (স্টোভ) কিনেছিলেন। গতকাল গ্যাস না থাকায় সেই চুলা ব্যবহার করেছেন। তাঁরা মাইকিং শোনেননি বলে জানান।
তিতাস গ্যাস কোম্পানির জরুরি নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, পূর্ব ও পশ্চিম মিরপুর এলাকাগুলো বেশির ভাগ ক্ষেত্রে একই গ্যাসলাইনের অধীন। তাই আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বরের পূর্ব পাড়ের এলাকার কিছু বাড়িতে গ্যাস না থাকাটা স্বাভাবিক। তবে পশ্চিম এলাকায় যতটা সম্ভব মাইকিং করা হয়েছে। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েও এ বিষয়ে প্রচার করা হয়েছে।