ঘোড়সওয়ার সেই শিক্ষার্থী এবার পেল জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোড়ায় চড়ে ২০১২ এসএসসি পরীক্ষা দিতে যায় তরিকুল ইসলাম l ফাইল ছবি
ঘোড়ায় চড়ে ২০১২ এসএসসি পরীক্ষা দিতে যায় তরিকুল ইসলাম l ফাইল ছবি

মায়ের খুব ইচ্ছা ছিল ছেলে ঘোড়ায় চড়ে গিয়ে এসএসসি পরীক্ষা দেবে। এর আগেই সেই মা সন্ত্রাসীদের হাতে নিহত হন। কিন্তু মায়ের শখের কথা মনে রেখে ছেলে তরিকুল ইসলাম (১৭) ঘোড়ায় চড়ে গিয়ে এসএসসির প্রথম পরীক্ষা দেয়। তবে ওই পরীক্ষায় সে জিপিএ–৫ পায়নি। এতে হতাশ হলেও দমে যায়নি তরিকুল। এবার সে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
তরিকুল যশোরের অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের নছিমন (শ্যালো মেশিনচালিত ছোট যান) চালক গোলাম মোস্তফার ছেলে। ২০১২ সালে সে ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। তাঁর ঘোড়ায় চড়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই তরিকুল এবার নওয়াপাড়া মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়।
গ্রামবাসীদের কয়েকজন জানান, তরিকুলের মা ফাতেমা বেগম ছিলেন পাটকল শ্রমিক। ২০০৮ সালের ৪ মার্চ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি প্রাণ হারান। টানাপোড়েনের সংসারে বাবা নছিমনচালক মোস্তফা আবার বিয়ে করেন। পরে তিনি তাঁর বড় দুই মেয়ের বিয়ে দিয়ে দেন। এর মধ্যে তরিকুলের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু সে হাল ছাড়েনি। পড়াশোনার ফাঁকে ফাঁকে নছিমন চালিয়ে ও শিশুদের পড়িয়ে পড়াশোনার খরচ চালিয়ে এসেছে। মায়ের স্বপ্ন পূরণের জন্য এসএসসি পরীক্ষা দেওয়ার সময় কেন্দ্রে যেতে নিজের টাকায় কেশবপুর থেকে ঘোড়াটি ভাড়া করে আনে। এক দিনের ভাড়া বাবদ ঘোড়ার মালিককে এক হাজার টাকা দিতে হয় তাকে। পরে ওই ঘোড়ায় চড়ে তরিকুল প্রথম পরীক্ষা দেয়। এসএসসিতে সে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৭৫ পায়।
জিপিএ–৫ না পেয়ে কষ্ট পায় তরিকুল। তবে সে ভেঙে পড়েনি। টিউশনি করে এবং শ্রম বিক্রি করে লেখাপড়ার খরচ চালায়। অদম্য ইচ্ছা, নিরলস পরিশ্রম আর নিরন্তর প্রচেষ্টার ফলে এবার এইচএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে।
তরিকুল বলে, ‘ছোটবেলায় মা বলতেন, ভালো করে লেখাপড়া করলে আমাকে ঘোড়ায় চড়িয়ে এসএসসি পরীক্ষা দিতে পাঠাবেন। ছয় বছর আগে সন্ত্রাসীরা আমার মাকে হত্যা করে। তবে মায়ের সে ইচ্ছা আমি পূরণ করেছি। ঘোড়ায় চড়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু ভালো ফল করতে পারিনি। উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে আরও বেশি পরিশ্রম করেছি। তাই ফলও ভালো হয়েছে।’
তরিকুল আরও বলেন, ‘আমার এখন একটাই লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। লেখাপড়া শেষ করে আমি বিচারক হতে চাই। আমার মায়ের হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমি বিচারক হয়ে বঞ্চিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। তাহলে আমার মায়ের আত্মা শান্তি পাবে।’
তরিকুলের বাবা গোলাম মোস্তফা বলেন, ‘টিউশনি করে ও দিনমজুরি করে সে কলেজে লেখাপড়া করেছে। আমি ওর জন্য কিছু করতে পারিনি। ওর মায়ের হত্যার প্রতিশোধ নিতে সে জজ হতে চায়। আমি চাই ভালো করে লেখাপড়া শিখে তরিকুল মানুষের মতো মানুষ হোক।’
নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ এফএমএ রউফ বলেন, তাঁর কলেজ থেকে নয়জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একমাত্র তরিকুল জিপিএ-৫ পেয়েছে।