ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আলোচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুর রহমানকে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন লক্ষ্মীপুর জেলা আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আদালতে স্ত্রী ফাহমিদা ইয়াসমিনের দায়ের করা যৌতুক মামলায় জামিন নিতে গেলে বিচারক ইব্রাহীম মিয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফাহমিদা ইয়াসমিন অভিযোগ করেন, ২০০৬ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলেও আছে। বিয়ের পরে বিভিন্ন নারীর সঙ্গে শামছুরের অনৈতিক সম্পর্কের বিষয়টি তিনি জানতে পারেন।
ফাহমিদার বাবা এলজিইডির সাবেক প্রকৌশলী মুঠোফোনে বলেন, তাঁর মেয়ের সংসার টিকিয়ে রাখতে এর আগেও পারিবারিকভাবে দুবার বৈঠক হয়েছে। তবে সন্তানের কথা ভেবে ফাহমিদা কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেননি। ২০১২ সালে দিনাজপুরের ঘোড়াঘাটে যোগদানের পর প্রথম স্ত্রীকে আর সেখানে নেননি শামছুর রহমান। দুই বছর ধরে তিনি স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। সর্বশেষ এ বছরের জানুয়ারিতে শামছুর রহমান প্রথম স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে ফাহমিদার সঙ্গে সংসার করবেন না বলেও হুমকি দেন।
চিকিৎসক শামছুর রহমানকে কারাগারে পাঠানোর ঘটনায় সন্তোষ প্রকাশ করে ফাহমিদার বাবা প্রথম আলোকে মুঠোফোনে বলেন, শামছুর রহমান তাঁর মেয়ের জীবন নষ্ট করেছেন। তিনি শামছুর রহমানের উপযুক্ত শাস্তি ও বিচার আশা করেন।
এদিকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ বলেন, শামছুর রহমান গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ছুটি নেন। কিন্তু গতকাল পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত হননি। ছুটিও বাড়াননি।