ঘোড়াঘাটে ব্যাংক থেকে দলিলপত্র গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দিনাজপুরের ঘোড়াঘাট শাখায় ঋণের জন্য জমা দেওয়া জমির দলিল গায়েব হয়ে গেছে। ব্যাংক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঋণগ্রহীতা উপজেলার চন্দ্রপুর গ্রামের আবদুস সালাম বলেন, ২০১১-১২ অর্থবছরে তিনি ওই ব্যাংকের ঘোড়াঘাট শাখা থেকে ১২ লাখ টাকা ঋণ নেন। এ সময় তিনি রাইস মিলসহ প্রায় ২০ একর জমির দলিল জমা দেন। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ঋণ নবায়ন করতে গেলে ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মো. ওমর আলী দুই দিন পর তাঁকে দেখা করতে বলেন। দুই দিন পর গেলে আবার ওমর আলী সাত দিন পর তাঁকে দেখা করতে বলেন। সাত দিন পর ব্যাংকে গেলে ওমর আলী জানান, তাঁর (সালাম) জমির দলিলসহ ঋণের ফাইল পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি তিনি আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট কার্যালয়ের ব্যবস্থাপক রায়চরণ নাথ দেবশর্ম্মা গত রোববার প্রথম আলোকে বলেন, গত বছরের ৩ সেপ্টেম্বর তিনি ঘোড়াঘাটে যোগদান করেন। সেখানে যোগদান করে তিনি সালামের ঋণের ফাইলসহ দলিল পাননি। বিষয়টি তিনি লিখিতভাবে ওই বছরের ২১ ডিসেম্বর আঞ্চলিক ব্যবস্থাপককে জানিয়েছেন।
কর্মকর্তা ওমর আলী গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোর কাছে দলিলপত্র হারিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি সালামকে দলিলের নকল কপি তুলে দিতে চেয়েছেন। সেই সঙ্গে এক বছরের ঋণের সুদ ১ লাখ ১১ হাজার টাকা দিতে চেয়েছেন। তবে সালাম দেড় লাখ টাকা দাবি করেছেন। বিষয়টি শিগগিরই সমাধান হয়ে যাবে। তবে সালাম বলেন, তিনি কোনো কিছুই দাবি করেননি। ওমর আলীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে দলিলের নকল কপি তুলে দেওয়াসহ ঋণের এক লাখ টাকা শোধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এতে তিনি রাজি হননি।