ঘোড়াঘাটে সাঁওতাল নারীকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শেফালী হেমব্রম (৩৪) নামের এক সাঁওতাল নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের রঘুনাথপুর (জাম্বুনা) গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
শেফালী ওই গ্রামের মৃত শাকুরা হেমব্রমের মেয়ে। এ ঘটনায় শেফালীর ভাই নরেশ হেমব্রম গতকাল বুধবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে তিনি উল্লেখ করেন, দুর্বৃত্তরা তাঁর বোনকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে হত্যা করেছে।
নরেশ হেমব্রম বলেন, তাঁরা তিন বোন ও এক ভাই। শেফালী, মা ফুলমনি বাক্সে ও ভাগনে শ্যামল হাসদা একই বাড়িতে থাকতেন। তিনি (নরেশ) পাশেই আলাদা একটি বাড়িতে পরিবার নিয়ে থাকেন। মঙ্গলবার রাতে তিনি একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। স্ত্রী বনিতা টুডুকে রাতে শেফালীদের বাড়িতে রেখে যান। রাত ১২টার দিকে বিয়েবাড়ি থেকে ফিরে তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন। পরদিন সকালে বাড়ির উত্তর-পূর্ব দিকে ২০ গজ দূরে শেফালীর লাশ পাওয়া যায়।
পুলিশ ও পরিবার বলছে, শেফালীকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড, তা তারা বুঝতে পারছে না।
শেফালীর ভাগনে শ্যামল হাসদা প্রথম আলোকে বলেন, ভোরের দিকে প্রতিবেশীরা শেফালির লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, গলায় চাদর প্যাঁচানো অবস্থায় শেফালির লাশ উবু হয়ে পড়ে আছে। ঘটনাস্থল থেকে ২০ গজ দূরে বাড়ির শৌচাগারের পাশে শেফালীর পাদুকা ও কানের দুল পরে ছিল। পুরোটা পথে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ রয়েছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, লাশের মুখে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে রক্ত ছিল। দুর্বৃত্তরা শেফালীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মনে করছে পুলিশ। লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।