ঘোড়াঘাটে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের চৌরীগাছা গ্রামে গত বৃহস্পতিবার অগ্নিদগ্ধ হয়ে রুপিয়া বেগম (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রুপিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
রুপিয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র মো. সাব্বির হোসেন বলে, বাড়িতে সে ও তার মা থাকেন। তার বাবা ঢাকায় দরজির কাজ করেন। তাদের শোবার ঘরের সঙ্গে একটি গোয়ালঘর রয়েছে। বৃহস্পতিবার রাতে তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মা তাকে ডেকে তোলেন। সে দেখে, বাড়িতে আগুন লেগেছে। এ সময় মা গোয়ালঘর থেকে গবাদিপশু বের করতে যান। প্রথমে তিনি একটি গরু বের করে আনেন। পরে তিনটি ছাগল বের করতে গেলে মায়ের ওপর গোয়ালঘরের ছাউনি পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, রুপিয়া রাতে গোয়ালঘরে কয়েল ধরিয়ে দেন। সেই কয়েল থেকেই আগুন ধরে বলে সাব্বির তাঁকে জানিয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রুপিয়া বেগমের লাশ ওই পরিবারকে দেওয়া হয়েছে।