ঘোমটা ছাড়া পরিচয়পত্র দেখে স্ত্রীর মাথা ন্যাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে জাতীয় পরিচয়পত্রের ছবিতে ঘোমটা না থাকায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছেন তাঁর স্বামী। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সালিসে সমাধান না হওয়ায় অবশেষে সেটি থানা পর্যন্ত গড়ায়। মামলা দায়েরের পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী আনারুল হক ও তাঁর পরিবারের লোকজন।
পুলিশ ও কয়েকজন গ্রামবাসী জানান, কিছুদিন আগে ভোটার হওয়ার জন্য উপজেলার গোডাউন পাড়ার আনারুলের স্ত্রী রেশমা আক্তার স্থানীয় ইউপি কার্যালয়ে এসে ছবি তোলেন। সম্প্রতি তিনি জাতীয় পরিচয়পত্র পান। ওই পরিচয়পত্রের ছবিতে তাঁর মাথায় ঘোমটা ছিল না। এতে আনারুল তাঁর প্রতি ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ৬ ডিসেম্বর রেশমার মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখা হয়। গত মঙ্গলবার সুযোগ বুঝে রেশমা বাড়ি থেকে পালিয়ে ইসলামপুর গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। পরদিন তিনি বিষয়টি নিয়ে সদর ইউপি কার্যালয়ে অভিযোগ দেন।
ওই দিনই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে ডেকে পাঠালে আনারুল সেখানে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। অবশেষে রেশমা বুধবার রাতে সাপাহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
রেশমা আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য তাঁকে নানাভাবে নির্যাতন করে আসছেন। জাতীয় পরিচয়পত্রে মাথায় ঘোমটা না দিয়ে ছবি তোলার অজুহাতে তাঁর ওপর নির্যাতন শুরু হয়। ৬ ডিসেম্বর রাতে স্বামী আনারুল, শাশুড়ি কহিনূর ও ননদ রাবেয়া ব্লেড দিয়ে তাঁর মাথা ন্যাড়া করে দিয়ে ঘরে আটকে রাখেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম বলেন, এ বিষয়ে রেশমা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে আনারুলের সঙ্গে যোগাযোগের চেষ্ট করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।