ঘোল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে গতকাল শুক্রবার শত বছরের ঐতিহ্য ঘোল উৎসব উদ্যাপন করা হয়েছে। বেসরকারি সংস্থা প্রগতি সংঘের উদ্যোগে উল্লাপাড়ায় এ উৎসবের আয়োজন করা হয়।উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন চত্বরে আয়োজিত এ উৎসবে প্রগতি সংঘের ১৫০ জন সদস্য উপস্থিত হন। তাঁদের জন্য চার মণ ঘোল এবং ২০ কেজি চিঁড়া ও মুড়ির ব্যবস্থা করা হয়।জানা গেছে, সলপ গ্রামে তৎকালীন সান্যাল জমিদারের আমলে এই ঘোল উৎসব শুরু হয়। এলাকাটি উত্তরবঙ্গের মধ্যে ঘোল উৎপাদনের জন্য বিখ্যাত হওয়ায় তিনি এ প্রথা চালু করেন।প্রগতি সংঘের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকার জানান, এ ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য সংঘ প্রতিবছরের বৈশাখে ঘোল খাওয়ার মধ্য দিয়ে এ উৎসব পালন করছে। অপর সদস্য সাইফুল ইসলাম জানান, এ উৎসব পালন করার জন্য এখন থেকে বৈশাখ মাসের প্রথম শুক্রবারকে নির্ধারণ করা হলো। যেকোনো ব্যক্তি এ উৎসবে অংশ নিতে পারবে।