ঘোষণা, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। ফলে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এদিকে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করেছে। তবে বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবি মেনে না নেওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে ‘আন্দোলনের নামে নৈরাজ্যের’ প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্রীরা মুন্নুজান হলের সামনে জড়ো হন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম, আমীর আলী, আবদুল লতিফ, শের-ই-বাংলা, মাদার বখ্শ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ৫০-৬০ জন করে ছোট দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের সামনে অবস্থান নেন। তাঁরা প্রতিটি ভবনের ফটকে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ‘সাবাশ বাংলাদেশ’ মাঠে সমবেত হন। সেখানে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর একটায় সিনেট ভবনে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দিন ধরে আন্দোলনের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নস্যাৎ হতে দিতে চাই না। তাই আমরা সব ধরনের বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করছি। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ সন্ধ্যাকালীন কোর্স বন্ধ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নিয়মিত কোর্সকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা হবে না এমন নিশ্চয়তা নিয়েই বিভাগগুলোতে এই কোর্স চালুর অনুমতি দেওয়া হয়েছে।’
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্ধিত ফি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে প্রেস ব্রিফিং করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি কার্যকর স্থগিত করেছে। কিন্তু আমরা চাই বর্ধিত ফি স্থগিত নয়, প্রত্যাহার করা হোক। আর সন্ধ্যাকালীন কোর্স বন্ধের মূল দাবি এখনো বাস্তবায়ন করা হয়নি। কোর্সটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানাচ্ছি।’ এ সময় শিক্ষার্থীরা আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করার ঘোষণা দেন। এ ছাড়া আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।
দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরুপায় হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা ক্লাস-পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।