ঘোষণা ছাড়াই বিআরটিসির নন-এসি বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস চালুর এক মাস যেতে না যেতেই শীতাতপ ছাড়া (নন-এসি) বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্বোধনের সময় বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এম এম ইকবাল এ যাত্রাপথে ২৫টি এসি, ২৫টি নন-এসি বাস চলাচলের আশ্বাস দিলেও বর্তমানে শুধু ২০টি এসিবাস চলাচল করছে। এদিকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, গত ১০ আগস্ট বিআরটিসির বাস সার্ভিস চালু হলেও এক মাস যেতে না যেতেই নন-এসি বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ টিকিটের মূল্য কম হওয়ায় বেশির ভাগ যাত্রী নন-এসি বাসেই চলাচল করেন। বর্তমানে শুধু ২০টি এসিবাস চললেও তা যাত্রীদের চাহিদার তুলনায় অপ্রতুল।বিবৃতিতে বলা হয়, কাউন্টার স্থাপন, শহরের ভেতরে বাস ছাড়ার স্থান নির্ধারণ নিয়েও বিআরটিসি সিদ্ধান্তহীনতায় ভুগছে। শহরের মণ্ডলপাড়া থেকে ৮ সেপ্টেম্বর গুলিস্তানের উদ্দেশে বিআরটিসি বাস চললেও নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ তা বন্ধ করে দেয়। অথচ বেসরকারি বাসগুলো রাস্তায় অহরহ যাত্রী ওঠানো-নামানোর কাজ করছে। যোগাযোগ করা হলে বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘যাত্রীদের চাহিদা না থাকায় নন-এসি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ২০টি এসিবাস নিয়মিত চলছে।’জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, বেসরকারি বাসমালিকদের সমিতিগুলো চিঠি দিয়ে হুমকি দিয়েছিল, মণ্ডলপাড়া থেকে বিআরটিসির বাস চলাচল বন্ধ না করলে তারা তাদের ৪০০-৫০০ বাস চলাচল বন্ধ করে দেবে। উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পুলিশ মণ্ডলপাড়া থেকে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।