ঘোষণা দিয়েও এল না হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জমায়েতের পূর্বঘোষণা দিয়েও হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা সেখানে আসেননি। গতকাল শনিবার সকালে আউটার স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকে বিচ্ছিন্নভাবে কিছু বাস হেফাজতের কর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে বিকেল থেকে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ কিংবা শহরের কোথাও হেফাজতের কর্মীদের দেখা যায়নি। জানা যায়, একাধিক সুন্নি সংগঠন এবং আওয়ামী লীগ হেফাজতের জমায়েত কিংবা গাড়িবহরে হামলা করতে পারে, এমন আশঙ্কা থেকে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জমায়েতের সিদ্ধান্ত বাতিল করে তারা। গত ২৬ এপ্রিল জমিয়াতুল ফালাহ মাঠে শানে রেসালাত সম্মেলন শেষে ফেরার পথে একাধিক জায়গায় সুন্নিদের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। হাটহাজারী মাদ্রাসায় ফেরার পথে আহলে সুন্নাতের সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষ হয়। আওয়ামী লীগের হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তসলিম হায়দার প্রথম আলোকে বলেন, হেফাজতকে প্রতিহত করতে সকাল থেকে লোকজন চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আশপাশে অবস্থান নেয়। কিন্তু দুপুরের পর প্রবল বৃষ্টি শুরু হলে লোকজন সরে যায়। নিহত আহলে সুন্নাতের কর্মী সাইফুল ইসলামের প্রথম জানাজা গতকাল বিকেলে লালদীঘি মাঠে এবং সন্ধ্যায় মদনহাটে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আহলে সুন্নাতের নেতা-কর্মীরা হেফাজতের বিরুদ্ধে হাটহাজারীতে ১৫ মে সমাবেশের ঘোষণা দিয়েছেন। তবে হেফাজতে ইসলামের প্রচারসচিব মুনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন বিচ্ছিন্নভাবে ঢাকা চলে যাচ্ছেন। জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জমায়েত হওয়ার যে ঘোষণা, তা ছিল আমাদের একটি কৌশল। উত্তর চট্টগ্রামের হেফাজতের কর্মীরা শহরের পরিবর্তে ফটিকছড়ি হয়ে ফেনী জেলা দিয়ে ঢাকায় চলে গেছেন।’