ঘোষণা দিয়েও যানজট দূর করতে পারছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার মাসে বগুড়া শহরকে যানজটমুক্ত রাখতে ঢাকঢোল পিটিয়ে নানা উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয় পুলিশ। কিন্তু যানজট পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। রোজার প্রথম দিন থেকেই শহরের যানজট পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় রোজাদার ও ঈদের কেনাকাটা করতে আসা মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।পাশাপাশি দিনভর শহরের ব্যস্ততম এলাকা সাতমাথা দিয়ে বাস-ট্রাক ও কাভার্ড ভ্যানের মতো ভারী যান চলাচল করার সুযোগ দেওয়ায় যানজট নিরসনে পুলিশের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন শহরবাসী।রোজার মাসের শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সমেঞ্চলন করে শহরকে যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। তখন দিনের বেলায় শহরে সব ধরনের ট্রাক ও বাস চলাচল বন্ধ, ব্যস্ততম সাতমাথা ও শেরপুর সড়কে বাস চলাচল বন্ধ, যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও রিকশাস্ট্যান্ড সরিয়ে নেওয়া, অবৈধ রিকশা আটক, ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা ও ট্রাফিক পুলিশের সদস্য বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু রোজার শুরু থেকেই শহরবাসী যানজটে অতিষ্ঠ হলেও কোনো উদ্যোগই বাস্তবায়নে পুলিশের তৎপরতা চোখে পড়েনি শহরবাসীর। উল্টো ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদা নিয়ে শহরে দিনের বেলায় অবাধে বাস-ট্রাক চলাচলের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।বিভিন্ন সময়ে সরেজমিন দেখা গেছে, শহরের সাতমাথা চত্বর, থানা মোড়, বড়গোলা, দত্তবাড়ী, নামাজগড়, শেরপুর সড়ক, স্টেশন সড়ক, ফতেহ আলী মোড়, রাজাবাজার মোড়, কাঁঠালতলা মোড়, গোহাইল রোড, জলেশ্বরীতলা কালিবাড়ী মোড়, আদালতের সামনে, ইয়াকুবিয়া মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকছে। এসব সড়কে বিপুলসংখ্যক রিকশার পাশাপাশি বাস-ট্রাকের মতো ভারী যানবাহনও চলাচল করছে। প্রায় ২৪ ঘণ্টাই শহরের ব্যস্ততম সাতমাথা দিয়ে চলাচল করছে ট্রাক ও বাস।নামাজগড় থেকে বড়গোলা মোড়, বাদুড়তলার চকযাদু সড়ক, দত্তবাড়ী-নামাজগড় সড়কে দিনভর ট্রাকে পণ্য ওঠানো ও নামানো হচ্ছে। ফলে এসব সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। পৌরসভা ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বৈধ রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় আট হাজার। কিন্তু শহরে চলাচল করছে এর প্রায় দ্বিগুণ সংখ্যক রিকশা ও অটোরিকশা। গতকাল সোমবার দুপুর ১২টায় ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই সাতমাথা চত্বর দিয়ে অবাধে বাস-ট্রাক চলাচল করতে দেখা গেছে। দিনের বেলায় শহরে বাস-ট্রাক চলাচল করার ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাহিদ পারভেজ বলেন, বাসমালিকদের সংগঠনের নেতারা কোনো আইনের তোয়াক্কা করছেন না। দিনের বেলায় অনুপ্রবেশকারী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও শহরে ট্রাক চলাচল বন্ধ হচ্ছে না।চাঁদা নিয়ে বাস-ট্রাক চলাচল করার সুযোগ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজামেঞ্চল হক বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা কারোর মধ্যেই নেই। শহরকে যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও কেউ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় পুলিশের একার পক্ষে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না।’