ঘোষণা দিয়েও সমাবেশে যাননি আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতাল ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েও গতকাল সোমবার নিজেরাই বিক্ষোভ সমাবেশে যাননি আওয়ামী লীগের নেতারা। দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি তাই সংক্ষেপে শেষ করতে হয়।নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আজ তো (সোমবার) কোনো হরতালই হয়নি। ফলে নেতা-কর্মীরাও খোঁজ-খবর নিয়ে মনে হয় আর রাস্তায় নামেননি। হরতালের গরম না থাকলে নেতা-কর্মীরাও মাঠে আসেন না।’খোঁজ নিয়ে জানা গেছে, সকালে দারুল ফজল মার্কেটের সামনে স্বল্প পরিসরে একটি সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন খান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলম।সংক্ষিপ্ত সমাবেশের কথা স্বীকার করে ইফতেখার সাইমুল প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাই সভাপতিসহ জ্যেষ্ঠ নেতারা আসেননি। আমরাও সমাবেশ তাড়াতাড়ি শেষ করে দিয়েছি।’