আগামীকাল ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে বরিশালবাসীর দাবি, বরিশালের উন্নয়নে শুধু ঘোষণা নয়, যেন বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়। পদ্মা সেতুর দ্রুত বাস্তবায়ন, নৌ-কারখানা চালু, তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণ, ভোলার গ্যাস পাইপলাইনে বরিশাল আনার উদ্যোগ, ইতিহাস-ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের ঘোষণা নয়, যেন নির্দেশনা দেওয়া হয়। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান বলেন, বরিশালের উন্নয়নে সব বৈষম্যের অবসান ঘটাতে হবে। পদ্মা সেতুর দ্রুত বাস্তবায়ন ও তাতে রেললাইন স্থাপন করে বরিশাল পর্যন্ত রেল যোগাযোগ, কুয়াকাটায় মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, বরিশালে জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা শিল্প স্থাপন, বিসিক শিল্পনগরকে আধুনিকায়ন করতে হবে। ১৯৯৩ সালের ১ জানুয়ারি বরিশালকে বিভাগে উন্নীত করা হয়। বিভাগের অধীন ছয়টি জেলার জনসংখ্যা প্রায় এক কোটি। বরিশালের প্রবীণ শিক্ষক ও শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে বলেন, ‘বরিশাল বিভাগের শিশুরা সব দিক থেকেই বঞ্চিত থেকে যাচ্ছে। আমাদের দাবি, প্রধানমন্ত্রী বরিশাল সফরে এসে যেন একটি বড় পরিসরে শিশুপার্ক, চিড়িয়াখানা ও জাদুঘর স্থাপনের ঘোষণা ও তা বাস্তবায়নের নির্দেশনা দেন।’ প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘নামে একটি বিভাগ পেয়েছি। কিন্তু আমরা সব দিক থেকেই অবহেলিত রয়ে গেছি।’ বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান বলেন, ‘বরিশালে গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ আজও বাস্তবায়িত হয়নি। বরিশাল বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হুমকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তিনি যেন দক্ষিণাঞ্চলের উন্নয়নে শুধু ঘোষণা না দিয়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।’ বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘এখন আমাদের দাবি দক্ষিণাঞ্চলে বিশেষ করে কুয়াকাটার উন্নয়ন, তৃতীয় সমুদ্রবন্দর, ভোলার গ্যাস এনে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা, ইকোপার্ক নির্মাণ, চিড়িয়াখানা ও জাদুঘর প্রতিষ্ঠা।