ঘোষণা হলেও বাড়তি দাম পাচ্ছেন না দুধের খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে একটা গাভির পেছনে দৈনিক ১৫০ টাকার মতো খরচ হতো। কিন্তু এখন গো-খাদ্যের দাম বাড়ায় ২৫০ টাকায়ও হচ্ছে না। অথচ আগে দুধের দাম যা ছিল এখনো তাই আছে। এতে গরু পালার খরচই ঠিকমতো উঠছে না। তার ওপর কোম্পানিগুলো (দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান) দুধ নেওয়া কমিয়ে দেওয়ায় প্রায়ই বাজারে পানির দরে দুধ বেচা লাগে।’ ক্ষোভ নিয়ে কথাগুলো বললেন পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের খামারি আবু তালেব। আবু তালেবের মতো পাবনা-সিরাজগঞ্জের সব খামারিই এখন গরু ও উৎপাদিত দুধ নিয়ে চরম বিপাকে রয়েছেন। খামারিদের অভিযোগ, দুধ নেওয়া কমিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো তাঁদের ন্যায্যমূল্য দিচ্ছে না। কিন্তু প্রতিষ্ঠানগুলো ঠিকই ভোক্তা পর্যায়ে বেশি দাম আদায় করছে। সম্প্রতি প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত তরল দুধের দাম ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে বাড়িয়ে ৫৮ টাকায় নির্ধারণ করলেও খামারিদের তারা দিচ্ছে ননিভেদে (ফ্যাট) প্রতি লিটার ৩৫ থেকে ৩৬ টাকা।মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটি ৩০ মে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করে ১ জুন থেকে খামারি পর্যায়ে লিটারপ্রতি এক টাকা বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত বাড়তি টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে তরল দুধের দাম তিন টাকা বাড়ানোর সিদ্ধান্ত গত ২৬ মে শনিবার থেকে কার্যকর হয়েছে।মিল্ক ভিটার আওতাভুক্ত বাঘাবাড়ী প্রামাণিকপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক কেসমত আলী বলেন, ‘২৫ জনের মতো খামারি নিয়্যা আমাগরে এই সমিতি। মিল্ক ভিটা লিটারপ্রতি আমাগরে ৩৫ থেকে ৩৬ টাকা দেয়। কিন্তু এই দামে দুধ বেচলি আমাগরে লোকসান হয়। গো-খাদ্যের দাম যেভাবে বাড়িছে তাতে দুধের দাম লিটারপ্রতি কমপক্ষে ৪০ টাকা না দেওয়া হলি আমাগরে বাঁচার উপায় নাই।’পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুধ উৎপাদনকারী অঞ্চল। খামারিদের অভিযোগ, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে একরকম পাল্লা দিয়ে দুধ সংগ্রহ করেছে। ওই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো সংগ্রহমূল্য লিটারপ্রতি দেড় থেকে দুই টাকা বাড়িয়েও দেয়। কিন্তু মাস তিনেক হলো প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ নেওয়া কমিয়ে দিয়েছে। খামারিরা জানান, প্রতিষ্ঠানগুলোর কাছে তাঁরা দীর্ঘদিন ধরে দুটি দাবি জানিয়ে আসছেন। এর একটি হলো সংগ্রহমূল্য বাড়িয়ে কমপক্ষে ৪০ টাকা করা এবং অপরটি হলো দুধ সংগ্রহ অব্যাহত রাখা। কিন্তু তাঁদের কোনো দাবিই পূরণ হচ্ছে না। এদিকে গত কয়েক দিনের ব্যবধানে সরকারি মিল্ক ভিটাসহ বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে নিজেদের প্যাকেটজাত তরল দুধের দাম প্রতি লিটারে তিন টাকা বাড়ালেও খামারি পর্যায়ে তারা সংগ্রহমূল্য বাড়ায়নি। তবে মিল্ক ভিটা ১ জুন থেকে খামারি পর্যায়ে প্রতি লিটার দুধের সংগ্রহমূল্য ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও গতকাল শনিবার পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। খামারি পর্যায়ে এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর না হওয়া প্রসঙ্গে মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক (সমিতি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানোর বিষয়টি পত্রিকায় দেখেছি। কিন্তু এ-সংক্রান্ত কোনো চিঠি না পাওয়ায় এখনো দাম বাড়ানো হয়নি। আসলে আমরা দুধ নেওয়া কমাইনি, খামারিরাই সমবায়ীদের মাধ্যমে কম দুধ পাঠাচ্ছে।’ প্রাণ ডেইরির সহকারী মহাব্যবস্থাপক শরিফউদ্দিন তরফদার বলেন, ‘বর্তমানে বাজারে দুধের চাহিদা কম থাকায় ও আমাদের শীতলকরণ যন্ত্রে সাময়িক সমস্যা দেখা দেওয়ায় প্রতিদিন গড়ে ৬০ হাজার লিটার সংগ্রহ করছি। শিগিগরই যান্ত্রিক সমস্যার সমাধান হবে এবং আমরা আরও ১০ থেকে ১২ হাজার লিটার দুধ বেশি সংগ্রহ করব।’ তিনি আরও বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি আমরা প্রতি লিটারের সংগ্রহমূল্য দুই টাকা বাড়িয়েছি।’