ঘোষণাতেই শেষ নবাবগঞ্জ জাতীয় উদ্যানের কাজ?
ঘোষণার তিন বছর পরও পূর্ণতা পায়নি শালগাছসমৃদ্ধ দিনাজপুরের ‘নবাবগঞ্জ জাতীয় উদ্যান’। উদ্যানটিকে পূর্ণতা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ পর্যন্ত কেবল বাজেট পাওয়ার কথা জানা গেলেও এক টাকাও বরাদ্দ পাওয়া যায়নি বলে জানা গেছে।
তথ্য অধিকার আইনে আবেদন করে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ২০১০ সালের ৪ নভেম্বর বিরামপুরের চরকাই রেঞ্জের নবাবগঞ্জ বিটের ৫১৭ দশমিক ৬১ হেক্টর সংরক্ষিত বনাঞ্চলকে নবাবগঞ্জ জাতীয় উদ্যান ঘোষণা করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ) (সংশোধন) আদেশ ১৯৭৪ অনুযায়ী জাতীয় উদ্যান বলতে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকাকে বোঝানো হয়েছে। যেখানে উদ্ভিদ সংরক্ষণ করাসহ সাধারণ মানুষের বিনোদন, শিক্ষা ও গবেষণার জন্য প্রবেশানুমতি থাকবে।
চরকাই রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার জানান, একটি পূর্ণাঙ্গ জাতীয় উদ্যানে হরিণ প্রজননকেন্দ্র, জাদুঘর, বিশ্রামাগারসহ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের বাগান থাকবে। সেই সঙ্গে এর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল থাকবে।
সরেজমিনে দেখা গেছে, গত তিন বছরে এখানে ইটের তৈরি বসার দুটি বেঞ্চ, বিট কার্যালয়ের সামনে কিছু শোভাবর্ধনকারী ও ভেতরের দিকে বিপন্ন প্রজাতির গাছের বাগান তৈরি ছাড়া আর কোনো কাজই হয়নি।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর হোসেন জানান, সংরক্ষিত বনাঞ্চলটি পুরোটাই শালগাছ পরিবেষ্টিত। এই বনাঞ্চলের সঙ্গে রয়েছে ঐতিহাসিক সীতার বনবাসের স্থান, সীতারকোট, মুনিরথান। কিন্তু অজ্ঞাত কারণে এসব ঐতিহাসিক স্থানকে জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্যানটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এলাকার হাজার হাজার লোকের কর্মসংস্থান হওয়ার সঙ্গে সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে।
শাহ আলমগীর হোসেন অভিযোগ করেন, জাতীয় উদ্যান ঘোষণার পর এটির উন্নয়নের জন্য বিভাগীয় বন কার্যালয়ে দুই কোটি টাকার বাজেট এসেছিল। কিন্তু আজ পর্যন্ত সেই টাকায় কোনো কাজ হয়নি। দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী জানান, তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে জাতীয় উদ্যানটি পূর্ণাঙ্গভাবে চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি অর্থবছরে দুই কোটি টাকার বাজেট আসার কথা তিনিও শুনেছেন।
বিভাগীয় বন কর্মকর্তা আলী কবীর অবশ্য উদ্যানের উন্নয়নে এ পর্যন্ত এক টাকাও বরাদ্দ পাওয়া যায়নি বলে দাবি করেছেন। তিনি উল্টো অভিযোগ করেন, বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে একাধিকবার চিঠি পাঠিয়েও কাজ হয়নি।