ঘোষণাপত্র চূড়ান্ত হয়নি নতুন জোটের পথচলা আজ শুরু হচ্ছে না
বিএনপিরনেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারণের ঘোষণাপত্রে স্বাক্ষর হয়নি। জোটনেতারা বলেছেন, ঘোষণাপত্র চূড়ান্ত না হওয়ায় এতে দলগুলোর স্বাক্ষর করা হয়নি। ১৬টি রাজনৈতিক দল নিয়ে চারদলীয় জোট সম্প্রসারণ হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন এ জোটের নাম সম্মিলিত গণতান্ত্রিক জোট বলে জানা গেছে। গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে নতুন জোটের ঘোষণাপত্রে দলগুলোর স্বাক্ষর করার কথা ছিল।গতকাল রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৬ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক ১০ মিনিট স্থায়ী হয়। বৈঠক শেষে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ঘোষণাপত্রে স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। তবে আজকের মহাসমাবেশে খালেদা জিয়া নতুন জোটের কথা বলবেন। তবে নতুন জোটের কোনো নাম বলবেন না।স্বাক্ষর না হওয়ার কারণ সম্পর্কে নেজামী বলেন, মহাসমাবেশ নিয়ে সবাই ব্যস্ত ছিল। এ জন্য ঘোষণাপত্র তৈরির কাজ চূড়ান্ত করা যায়নি। তবে জোট হয়ে গেছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেওয়া হতে পারে। এরপর খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।