ঘোষিত কমিটি নিয়ে বাহার ও মুজিবুল হক মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন খোদ কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন (বাহার)। অন্যদিকে ঘোষিত কমিটির পক্ষে অবস্থান নিয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও হুইপ মো. মুজিবুল হক।এই অবস্থায় ছাত্রলীগের বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় নেতার মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে।গত ২৭ জুন সাড়ে সাত বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আ ফ ম আহসান উদ্দিন (টুটুল), সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন আহাম্মেদসহ ১৫ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সাংসদ বাহাউদ্দিনের অনুসারীরা শীর্ষ দুটি পদে স্থান না পাওয়ায় তিনি ও তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ মুজিবুল হকের শহরের নজরুল এভিনিউর ব্যক্তিগত কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে ফেলেন। এই অবস্থায় শহরের পূবালী চত্বরে হুইপের ব্যক্তিগত কার্যালয়, রামঘাট দলীয় কার্যালয়ে গত ২৭ জুন থেকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হুইপের কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে গিয়েও পুলিশ দেখা গেছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেউই ছাত্র নন। কমিটিতে নিয়মিত ছাত্রের সংখ্যা কম। কমিটিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো নিয়মিত ছাত্রনেতা স্থান পাননি।তবে আহসান উদ্দিন ও জালাল উদ্দিন দুজনই গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে দাবি করেছেন, তাঁরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা ক্যাম্পাসের ছাত্র।কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক বয়স ২৯-এর কম হলেই চলে। এতে কে কোন পেশায় জড়িত, তা মুখ্য নয়। ছাত্রলীগ করে কেউ দোকানদারি করলে সেটা অন্যায় কিছু নয়।’ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ সাংসদ বাহার। তিনি বলেন, ‘অছাত্রদের দিয়ে কুমিল্লায় ছাত্রলীগের রাজনীতি করতে দেওয়া হবে না, ওদের প্রতিহত করা হবে। জেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে গত ২৯ জুন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ যে সাংসদেরা সমর্থন জানিয়েছেন, তাঁরা এর জন্য দায়ী থাকবেন। ওই কমিটিকে নিয়ে যদি কোনো অঘটন ঘটে, এর দায়ভার তাঁদেরকেই নিতে হবে।’সাংসদ বাহার বলেন, ‘নাঙ্গলকোটে যিনি এমপি, তিনি নাঙ্গলকোটের রাজনীতি করেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্ররাজনীতি নিয়ে তাঁর কোনো দায়দায়িত্ব নেই। তাঁর হস্তক্ষেপ আমাদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। শেয়ার মার্কেটের লুটের টাকা দিয়ে অছাত্রদের ছাত্রলীগের কমিটিতে স্থান দেওয়া সম্ভব, রাজনৈতিক সংগঠন দাঁড় করানো সম্ভব নয়। অন্যদিকে চৌদ্দগ্রামের যিনি এমপি, তাঁর তো কুমিল্লার রাজনীতি নিয়ে দায়দায়িত্ব নেই, যেমনটি চৌদ্দগ্রামের রাজনীতি নিয়ে আমার নেই। ওনারা এখানে সমস্যা সৃষ্টি করছে।’এ ব্যাপারে হুইপ মো. মুজিবুল হক গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিকে অনুমোদন দিয়েছে। আমরা তাঁদের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছি। এ ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। ছাত্রলীগের কমিটি নিয়ে সাংসদ বাহারের কোনো বক্তব্য থাকলে তিনি সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে ডেকে নিয়ে বলতে পারতেন। তা না করে তাঁর অনুসারীরা আমার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেছে। সাইনবোর্ড খুলে নিয়েছে। গায়ের জোরে রাজনীতি হয় না।’মুজিবুল হক বলেন, ‘তোফায়েল আহমেদ যদি ভোলা থেকে ঢাকা এসে রাজনীতি করতে পারেন, চৌদ্দগ্রাম থেকে কুমিল্লায় এসে কেন আমরা রাজনীতি করতে পারব না। চৌদ্দগ্রাম তো কুমিল্লা জেলার বাইরে নয়। বিগত কয়েক বছর আমিসহ অন্যরা দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছি। তাই এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। ওনার বক্তব্য উনি দিয়েছেন।’কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের বিবদমান পক্ষগুলোর সহিংসতা ও সংঘর্ষ ঠেকানোর জন্য শহরের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন করা হয়েছে। হুইপ মহোদয়ের কার্যালয়ে রাতের বেলা পুলিশ থাকে, দিনেও পাহারা দেয়। গত ২৮ জুন উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ, দোকানদারসহ অনেক পথচারী আহত হয়েছে। আমরা আইনশৃৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশি ব্যবস্থা জোরদার করেছি। সদর আসনের সাংসদ ও হুইপের অনুসারীদের মধ্যে কমিটি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় আমরা নিরাপত্তা জোরদার করেছি।’