ঘোষিত ফল ছয় মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতির নির্বাচনের ঘোষিত ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০১৭ সালের জন্য ঘোষিত ওই কমিটি কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন। স্বাস্থ্যসচিব, আইনসচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধান নির্বাচন কমিশনারসহ আট বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

১৩ জুলাই ঘোষিত ওই ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে বিএসএমএমইউর অধ্যাপক ফারুক হোসেন ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।