ঘোষিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না পুনর্নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে আগুনে পোড়ানো সিলেট এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসের পুনর্নির্মাণকাজ ঘোষিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না। গত ৫ ডিসেম্বর ছাত্রাবাস পুনর্নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে ঘোষণা দিয়েছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের আদলে ছাত্রাবাস পুনর্নির্মাণের কারণে অতিরিক্ত সময় লাগছে। সিলেট নগরের টিলাগড় এলাকায় এমসি কলেজের অবস্থান। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। ১৯২১ সালে কলেজের পাশে নির্মিত হয় ছাত্রাবাস। ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর ছাত্রাবাস ভবনগুলো ছিল দর্শনীয়। গত বছরের ৮ জুলাই এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগ করা হয়। ওই বছরের ৫ ডিসেম্বর অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছাত্রাবাস পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, আগুনে পোড়ানো ছাত্রাবাস ছিল ‘সেমি পাকা আসাম’ কাঠামোয় তৈরি। শিক্ষানুরাগীদের দাবি অনুযায়ী, ওই কাঠামোয় ভবন নির্মাণে ২৫ থেকে ৩০ লাখ টাকার কাঠ ব্যবহার করার বিষয়টি নকশায় রেখে পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুনর্নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা ঘোষণা করা হলেও নির্মাণকাজ শুরু হয় চলতি বছরের এপ্রিল মাস থেকে।সরেজমিনে দেখা গেছে, ‘শ্রীকান্ত’ ছাত্রাবাসের কাজ শেষ হয়েছে। আগুনে ভস্মীভূত হওয়া ছাত্রাবাস কক্ষগুলোর পাকা অবকাঠামো তৈরির পাশাপাশি কাঠের কাজ চলছে। কাঠের কাজ শেষে দরজা-জানালা ও ছাউনির কাজ করা হবে। তারপর রংসহ আসবাব পুনঃস্থাপনের পর ছাত্রাবাস ব্যবহারের উপযোগী হবে। এসব কাজ শেষ করতে চলতি বছর পার হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী প্রকৌশলী নজরুল হাকিম জানান, কাজ দ্রুত শেষ করার তাগিদ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কাজের গুণগত মান ও ঐতিহ্যবাহী কাঠামো রক্ষা করতে গিয়ে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘ডিসেম্বরে উদ্বোধন করা হলেও প্রায় চার মাসের মাথায় কার্যাদেশ দেওয়া হয়। এ হিসাবে চার মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছিল। যদি তাই হতো, তাহলে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হতো। এখন আরও অতিরিক্ত দুই মাস লাগবে বলে আমাদের ধারণা। আশা করছি, নভেম্বর নাগাদ পুরোপুরি কাজ শেষ হবে।’ কিন্তু এ সময়ের মধ্যে পুরোপুরি কাজ শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঠিকাদারিপ্রতিষ্ঠান ‘মেসার্স নবকিশোর দাস’-এর স্বত্বাধিকারী নীরেশ দাস। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে কেবল ভবন নির্মাণ শেষ করা সম্ভব। আনুষঙ্গিক কাজ ও কক্ষের আসবাব ওই সময়ের মধ্যে তৈরি করা যাবে না। তবে চলতি বছরের মধ্যে পুরো কাজ আমরা শেষ করতে পারব।’