ঘোড়াঘাটে আ.লীগ কার্যালয়ে হামলা, অগ্নিকাণ্ড
দিনাজপুরের ঘোড়াঘাটে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের দুটি কার্যালয়ে জামায়াত-শিবির হামলা ও অগ্নিসংযোগ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুলাকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার রাতে কার্যকর হবে—এমন খবরে ইউনিয়নের হাড়িপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন জামায়াত-শিবির কর্মীরা।
ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার জানান, গতকাল সকালে জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী রানীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। তবে ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসাইন দাবি করেছেন, হামলা ও অগ্নিসংযোগ তৃতীয় পক্ষের কাজ বলে তিনি দাবি করেন।
ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, সহিংসতার আগে গতকাল সকালে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। এ কারণে সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।