ঘোড়াঘাটে জল-স্থাপত্যের সন্ধান
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামে হাজার বছরের পুরোনো একটি জল-স্থাপত্যের (জলাধার) সন্ধান পাওয়া গেছে। ওই সময়কালের ইটনির্মিত কোনো জলাধারের খোঁজ বাংলাদেশে এই প্রথম পাওয়া গেল বলে খনক দলের পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন জানিয়েছেন।স্বাধীন সেন জানান, স্থাপনাটি ইটনির্মিত একটি জলাধার। ২ মে তাঁরা এটির সন্ধান পান। এটির পশ্চিম দিকে ইটনির্মিত ঘাটের ধ্বংসাবশেষের আলামত রয়েছে। জলাধারটির মধ্যে ও পাশে প্রচুর মৃৎপাত্র পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি গবেষণা দল খনন কাজটি করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মলয় কুমার সাঁই। তিনি জানান, খনন করে পাওয়া মৃৎপাত্রের বৈশিষ্ট্যাবলি খ্রিষ্টাব্দ দশম-একাদশ শতকের। স্থাপনাটির সময়কাল মৃৎপাত্রের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়েছে। এদিকে গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা খান। তিনিও জলাধারটির সময়কাল সম্পর্কে একই কথা বললেন। তিনি এ-ও জানান, ওই সময়কালের জলাধারের সন্ধান বাংলাদেশে এর আগে পাওয়া যায়নি। স্বাধীন সেন জানান, ২০০৯ ও ২০১১ সালে এই গবেষক দল ঘোড়াঘাটে প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। সেই জরিপের ভিত্তিতে তারা জানায়, জলাধারটি একটি মানববসতির মধ্যে অবস্থিত। এই বসতিটির সময়কাল আনুমানিক খ্রিষ্টাব্দ নবম-দশম শতকের। তখন এই অঞ্চল বরেন্দ্র নামে পরিচিত ছিল। বরেন্দ্রে সেই সময় পাল রাজবংশের শাসন চলছিল বলে ঐতিহাসিক বিভিন্ন দলিল-দস্তাবেজ থেকে জানা যায়। তিনি আরও জানান, বাংলা (বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ), ভারতের বিহার, মথুরা, কর্ণাটক, মহারাষ্ট্রসহ বিভিন্ন প্রত্নস্থানে ইট বা পাথরনির্মিত জলাধার, ঘাট ও কুয়ার মতো জল-স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এই স্থাপনাটি শুধু বিরল একটি নিদর্শনই নয়, বরং এটি অতীত বরেন্দ্রের পানি ব্যবস্থাপনা-সম্পর্কিত ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাবিকুন্নাহার জানান, জলাধারটির চারপাশে ছিল বসতি। বসতির আনুমানিক দুই বর্গকিলোমিটার এলাকা চারপাশ পরিখা দিয়ে ঘেরা ছিল। গবেষক দল সেই পরিখাও শনাক্ত করেছে। প্রাথমিক গবেষণায় অনুমিত হয়, এই জলাধারটি কোনো ধর্মীয় স্থাপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পর্কিত ছিল।