ঘোড়াঘাটে জুয়াড়িদের হামলায় পুলিশের তিন সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়ার আসর বন্ধ করতে গিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে গত বৃহস্পতিবার রাতে জুয়াড়িদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করেছে। আহত পুলিশ সদস্যদের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, উপজেলার বুলাকিপুর ইউনিয়নে শালিকাদহ নামক স্থানে করতোয়া নদীর চরে কয়েক দিন ধরে জুয়ার আসর চলার বিষয়ে এলাকাবাসী অভিযোগ করে আসছিল। বৃহস্পতিবার রাতে তিনি দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচজন কনস্টেবল নিয়ে জুয়ার আসর বন্ধ করতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামগুলো নিয়ে আসার পর দেড় শতাধিক জুয়াড়ি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে পুলিশকে হামলা করে। পুলিশ ছয়টি রাবার বুলেট ছোড়ে। জুয়াড়িদের হামলায় এএসআই মো. মনিরুজ্জামান, কনস্টেবল আ. লতিফ ও সুজন মণ্ডল আহত হন। এএসআই মনিরুজ্জামানের মাথা ফেটে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম সিদ্দিকা জানান, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত করতোয়া নদীর ওই চর। সেখানে দিন-রাত খুব বড় ধরনের জুয়া চলে। যখন যে থানার পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালায়, জুয়াড়িরা সঙ্গে সঙ্গে অন্য থানার সীমানায় পালিয়ে যায়। এভাবে ওই স্থানটি জুয়াড়িদের একটি নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে।