ঘোড়াঘাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলে দুটি কার্যালয়ের কার্যক্রম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদে ঝুঁকিপূর্ণ দোতলা একটি ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন ওই সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের উত্তর-পূর্ব দিকে নির্বাচন কার্যালয়ের উত্তর পাশে দোতলা ভবনটি অবস্থিত। এ ভবনের িনচতলায় তিনটি ও দোতলায় পাঁচটি কক্ষ রয়েছে। ভবনটির িনচতলায় বিএমডিএর ও দোতলায় বিএডিসির কার্যালয় অবস্থিত। উভয় তলার প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খুলে পড়ছে। িবমগুলোতে দেখা দিয়েছে ফাটল, পলেস্তারা খসে বের হয়েছে রড। ভবনের পেছনের প্রায় পুরো অংশজুড়ে স্যাঁতসেঁতে হয়ে সেখানে গজেছে আগাছা।
বিএডিসির যন্ত্রবিদ মো. জাফরুল্লাহ্ বলেন, ভবনটি বিএডিসির। স্বাধীনতাযুদ্ধের পর ভবনটি নির্মাণ করা হয়। বছর দশেক ধরে ভবনটি বেহাল হয়ে পড়েছে। বর্ষাকালে ভবনটিতে ছাদ চুইয়ে পানি পড়ে। কোনো কার্যক্রম চালানো যায় না। দুই বছর আগে তাঁরা কার্যালয়ের এ বেহাল চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
বিএমডিএর সহকারী প্রকৌশলী মো. মোশাব আলী প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ১৩ জুলাই উপজেলা পরিষদ রেজ্যুলেশনের মাধ্যমে বিএমডিএকে ভবন নির্মাণের জন্য ১৫ দশমিক ৮০ শতক জমি দিয়েছিল। এরপর দুই সপ্তাহ পরই হঠাৎ করে উপজেলা পরিষদ সেই সিদ্ধান্ত বাতিল করে। ২০১২-১৩ অর্থবছরে ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা অর্থ বরাদ্দ এলেও জায়গা না পাওয়ায় অর্থ ফেরত যায়।
বিএমডিএর অফিস সহকারী আবদুল কুদ্দুস বলেন, তিনি গত আট বছর সেখানে কর্মরত রয়েছেন। আট বছর থেকেই ভবটির ছাদ চুইয়ে পানি পড়ে। এতে কার্যালয়ের মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম চৌধুরী প্রথম আলোকে বলেন, দুটি কার্যালয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা পরিষদের কাছে জায়গার জন্য আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে নতুন উপজেলা পরিষদ ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন ভবনে উপজেলা পরিষদের কার্যালয়গুলো স্থানান্তর হলে পুরাতন ভবনে বিএডিসি ও বিএমডিএর ভবন স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হবে।