ঘোড়াঘাটে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে রাকিবুল ইসলাম ওরফে রিপনের (২৫) বিরুদ্ধে তাঁর বাবা আসাদুল ইসলামকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসাদুল ইসলামের স্ত্রী রেবা ইয়াসমিন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় রিপনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের চাটশাল গ্রামে এ ঘটনা ঘটে। পালশা ইউনিয়নের ইউপি সদস্য মো. আবু তাহের প্রথম আলোকে জানান, রাতে পারিবারিক বিষয়ে ঝগড়াকে কেন্দ্র করে রিপন তাঁর বাবা আসাদুল ইসলামকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলন চন্দ্র বর্মণ জানান, রেবা ইয়াসমিন পুলিশকে জানিয়েছেন, ঝগড়ার একপর্যায়ে রিপন তাঁর বাবাকে বেলচা দিয়ে মাথায় এলোপাতাড়িভাবে পেটান। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।