ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপবিদ্যুৎকেন্দ্রের রংপুর ও রাজশাহী জোনকে বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

কর্মসূচির ষষ্ঠ দিনে গতকাল সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল
শেষে প্রশাসনিক ভবন ১-এর সামনে শ্রমিক-কর্মচারীরা সভা করেন। শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকায় প্রায় অচল হয়ে পড়েছে তাপবিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম।

শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাপবিদ্যুৎকেন্দ্রের রংপুর ও রাজশাহী জোন বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। এখন ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রটিকেও বেসরকারি করার প্রক্রিয়া চলছে। এ ঘটনার প্রতিবাদে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ ১৯০২) ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র শাখার সদস্যরা বিক্ষোভ মিছিল, সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন। সংগঠনের ঘোড়াশাল শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ঘোড়াশাল আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার, সিবিএর নেতা আবদুল মান্নান প্রমুখ।

আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান, যা জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আসছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সরকারকে ভুল বুঝিয়ে রাতারাতি রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। ধাপে ধাপে সব জোনকে বেসরকারি করার পাঁয়তারা চালাচ্ছে তারা।