ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার ভোরে সংস্কারের জন্য ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেয়।কেন্দ্রের প্রকৌশল বিভাগ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ৩ নম্বর ইউনিট দিয়ে কোনোভাবেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। প্রায় সময় যান্ত্রিক সমস্যাও দেখা দেয়। এ কারণে কর্তৃপক্ষ ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী জানান, কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটির কিছু সংস্কার জরুরি হয়ে পড়েছিল। বিশ্বকাপ ফুটবলের কারণে এত দিন বন্ধ করা সম্ভব হয়নি। সামনে রমজান মাস আসছে। ইউনিটটি ১০ দিন বন্ধ রাখার অনুমতি পাওয়া গেছে। আশা করা হচ্ছে, রমজান মাস শুরু হওয়ার আগেই এই ইউনিটটি দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির ছয়টি ইউনিটের মধ্যে এখন তিনটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। এতে করে ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন কমে বর্তমানে ৩৯৫ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এর আগে গত ১৮ জুলাই ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টারবাইন জেনারেটরে আগুন লেগে ৬ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। আধুনিকায়নের জন্য তিন মাস আগে থেকে বন্ধ করে রাখা হয়েছে ৫৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটটি।