ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার অভিযোগে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন) রবীন্দ্রনাথ সমাদ্দার এবং কেন্দ্রটির ৫ ও ৬ নম্বর ইউনিটের নির্বাহী প্রকৌশলী (জেনারেটর) আক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আর পি রায় এই তথ্য নিশ্চিত করেছেন।ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক দপ্তর থেকে জানানো হয়, গত রোববার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটের টারবাইন জেনারেটরে আগুন লেগে ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে ৬ নম্বর ইউনিটের টারবাইন জেনারেটর সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় ওই দিনই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিকল্পনা উন্নয়ন বিভাগের সদস্য দেলোয়ার হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ওই দুই কর্মকর্তার গাফিলতি ও কর্তব্যে অবহেলার প্রমাণ পায় কমিটি। পরে এই ঘটনায় তাঁদের দুজনকে অভিযুক্ত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।সহকারী প্রধান প্রকৌশলী আর পি রায় জানান, ক্ষতিগ্রস্ত ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে আরও সময় লাগবে।