ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ৬ নম্বর ইউনিট বন্ধ
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে গতকাল রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেন্দ্রের ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটের টারবাইন জেনারেটর বিকল হয়ে পড়ে। এ কারণে ওই ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিকল্পনা উন্নয়ন বিভাগের সদস্য দেলোয়ার হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করবে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। বর্তমানে ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে বর্তমানে ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৬ নম্বর ইউনিট দিয়ে পুরো মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে ওই ইউনিটের টারবাইনে আগুনের শিখা দেখা যায়। দ্রুত আগুনের শিখা বড় হতে থাকে। প্রকৌশলীরা এসে ত্রুটি দূর করার চেষ্টা করেন। কিছু সময়ের মধ্যে ইউনিটের উৎপাদনপ্রক্রিয়া বিকল হয়ে উৎপাদন বিপর্যয় দেখা দেয়। ঘটনার পর পর কেন্দ্রের নিজস্ব দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে এসে যোগ দেন পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের দল। বিকেল পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ওই সময়ের মধ্যে ৬ নম্বর ইউনিটের টারবাইন জেনারেটর সম্পূর্ণ পুড়ে যায়।ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল কর্মকার বলেন, ‘কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।’