ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে ফের অগ্নিকাণ্ড, তিন কর্মী দগ্ধ
এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার সকালে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর ইউনিটে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়েছেন তিনজন বিদ্যুৎকর্মী। গুরুতর অবস্থায় বিদ্যুৎকর্মী রাজীব বিশ্বাস, সবির হোসেন ও শাহাবউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার সকালে বন্ধ হয়ে যাওয়া ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট গতকাল সচল হয়েছে। বর্তমানে এই কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট দিয়ে ১৭০ মেগাওয়াট, ৫ নম্বর ইউনিট দিয়ে ১৮০ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট দিয়ে ১০০ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট দিয়ে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।এদিকে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গত রোববার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট, ৬০ মেগাওয়াট ক্ষমতার জিটি-১ ও ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি আবার সচল হয়েছে। কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা গতকাল ভোরে ওই তিনটি ইউনিট মেরামত শেষে বিদ্যুৎ উৎপাদনে যেতে সক্ষম হন।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, বর্তমানে এই কেন্দ্রের সব কটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে সব ইউনিট দিয়ে পূর্ণ মাত্রায় উৎপাদন না হওয়ায় বর্তমানে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ৬২০ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে।ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ১৮ জুলাই এই বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটের টারবাইন জেনারেটরে আগুন লেগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ১০টার দিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্কিট ব্রেকারে কাজ করার সময় ফ্ল্যাশিং হয়ে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ওই তিন কর্মী আগুনে দগ্ধ হন।বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডে ৬ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর ইউনিটটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রকৌশলীরা দিনরাত কাজ করতে থাকেন। একপর্যায়ে গতকাল হঠাৎ আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ কর্মীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।