ঘোড়াশাল সার কারখানার আবাসিক এলাকায় শিক্ষার্থী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানার আবাসিক এলাকায় গতকাল বৃহস্পতিবার আদিবা আক্তার নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছে। পরিবারের অভিযোগ, ডাকাতির পর আদিবাকে খুন করে চলে যায় দুর্বৃত্তরা।আদিবা ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা আলমগীর হোসেন। তিনি সার কারখানার বিক্রয় বিভাগের সহকারী হিসেবে কাজ করেন। মা শাহনাজ বেগম। আবাসিক এলাকার সি ব্লকের ই-২ ভবনের তৃতীয় তলায় থাকেন তাঁরা। আদিবার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর বিক্রয় সহকারী হিসেবে কাজের পাশাপাশি স্থানীয় বাজারে একটি ওষুধের দোকানের মালিক। গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যান। সন্ধ্যা সাতটার দিকে আদিবা পড়তে বসলে ডায়াবেটিসে আক্রান্ত মা শাহনাজ হাঁটাহাঁটি করতে বাইরে চলে যান। শাহনাজ কাঁদতে কাঁদতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নয়টার দিকে বাসায় ফিরে দেখি, প্রধান দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি, কিছু জিনিসপত্র এলোমেলো ও আলমারি খোলা। আদিবাকে ডাকতে থাকি, সাড়াশব্দ না পেয়ে গোসলখানায় ঢুকে দেখি তার গলাকাটা লাশ পড়ে আছে।’ শাহনাজ দাবি করেন, ডাকাতেরা আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার লুটের পর আদিবাকে খুন করে চলে যায়।