ঘোড়াশালে সড়কে মিলল দুই কিশোরের লাশ, পুলিশ বলছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশের ঘোড়াশালে সড়ক থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। আজ রোববার সকালে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাগদীর কদমতলী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই কিশোরের মধ্যে একজনের বয়স আনুমানিক ১২ ও অন্যজনের ১৫ বছর। স্থানীয় লোকজন জানান, গতকাল মধ্যরাতে একটি সাইকেল চালিয়ে ওই দুই কিশোর পাঁচদোনা থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। আনুমানিক রাত একটার পর ভাগদীর কদমতলী এলাকায় পেছন থেকে আসা কোনো বাহন সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়।

আজ সকালে স্থানীয় লোকজন তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাকবলিত সাইকেলটি ও লাশ উদ্ধার করে। নিহত দুই কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

পুলিশ বলছে, নিহত দুই কিশোরের পরনে ট্র্যাকস্যুটজাতীয় পোশাক ছিল। তাদের একজনের পকেট থেকে একটি আঠার কৌটা (যা ড্যান্ডি অর্থাৎ মাদক হিসেবে ব্যবহৃত হয়) উদ্ধার করা হয়েছে। ১২ বছর বয়সী কিশোরের মুখমণ্ডল এমনভাবে থেঁতলে গেছে যে তাকে শনাক্ত করা বেশ কঠিন। নানা উপায়ে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম জানান, রাতে কোনো বাহন সাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায় কি না, সেটির চেষ্টা চলছে।