ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা এগোচ্ছে ৩১ মার্চ রাতে
বেশিক্ষণ দিনের আলো ব্যবহার করে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ৩১ মার্চ রাত ১১টায় আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হচ্ছে। গ্রীষ্ম মৌসুমজুড়ে এক ঘণ্টা সূর্যালোক বেশি ব্যবহারের পর আগামী ৩১ অক্টোবর আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। দিনের আলো বেশি ব্যবহার করে সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এ দেশে প্রথম গত বছরের ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ১২টা করা হয়েছিল। গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করে আগের সময় বহাল করা হয়েছে। পৃথিবীর যেসব দেশে দিনের আলো বেশি ব্যবহারের জন্য গ্রীষ্মে ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া হয়, সেসব দেশে শীতের শুরুতেই, সাধারণভাবে ৩১ অক্টোবর তা আবার পিছিয়ে এনে আগের সময় বহাল করা হয়।কিন্তু সরকার গত বছর ১৯ জুন ঘড়ির কাঁটা এগিয়ে দিয়ে সারা বছরই তা অব্যাহত রাখার চেষ্টা করে। এতে শীতকালে স্কুল-কলেজের সময়সূচি এবং দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে মানুষের জীবন-যাপনে সমস্যা দেখা দেওয়ায় সারা দেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের সময় বহাল রাখার সিদ্ধান্ত নেয়।ওই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ মার্চ রাত ১০টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে রাত ১১টা ৫৯ মিনিট করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত এই সময় বহাল থাকবে। এই পুরো সময়ে গ্রিনিচমান সময়ের সঙ্গে সাত ঘণ্টা যোগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সময় গণনা বা নির্ধারণ করতে হবে।এরপর ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করা হবে, যা পরবর্তী সময়ে ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।