ঘড়ির কাঁটা ৫টা ১৮-তে এসে থেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেঙে গেছে ফ্ল্যাটের দরজা, ভেতরের দেয়াল। ভোরে বিস্ফোরণের পর বেলা ১১টায় চট্টগ্রামের দেওয়ান বাজারের ‘মাদ্রাসা’ ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে তোলা ছবি l প্রথম আলো
ভেঙে গেছে ফ্ল্যাটের দরজা, ভেতরের দেয়াল। ভোরে বিস্ফোরণের পর বেলা ১১টায় চট্টগ্রামের দেওয়ান বাজারের ‘মাদ্রাসা’ ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে তোলা ছবি l প্রথম আলো

‘ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ। ঘুম ভাঙতে না ভাঙতেই হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকেন, ওঠো ওঠো, ভূকম্পন হচ্ছে। আতঙ্কে স্যান্ডেল ছাড়াই দৌড়ানো শুরু করি। শোবার ঘর থেকে ড্রয়িং রুমে আসতেই জানালার ভাঙা কাচে পা কেটে যায়। তারপরও বের হয়ে যাই। পরে আবার ঘরে ঢুকে দেখি, জানালা-দরজা সব ভেঙে গেছে’—বিভীষিকাময় ভোরের এমনই বর্ণনা দিলেন চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকার মাদ্রাসা ভবনের তৃতীয় তলার ৫ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা গৃহিণী শীলা ধর।

গতকাল শুক্রবার দুপুরে শীলা ধরের ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, দরজা-জানালা ভাঙা। আসবাব এলোমেলো। দেয়ালঘড়ির কাঁটা ৫টা ১৮-তে এসে থেমে গেছে। ঘটনা কখন ঘটেছে, জানতে চাইলে শীলা ধর দেয়ালঘড়ির দিকে দেখিয়ে বলেন, ‘ওই যে, ঘড়িটি যে সময়টায় বন্ধ হয়ে গেছে।’

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চুলা থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।

শীলা ধর একা নন, ছয়তলা ওই ভবনের ৩৫টি ফ্ল্যাট ও আশপাশের ভবনের বাসিন্দাদের গতকালের ভোরের ঘুম কেড়ে নেয় বিকট শব্দের বিস্ফোরণ আর ‘ভূকম্পন’ আতঙ্কে। শীলা ধরের পাশের ফ্ল্যাটে থাকেন আবদুল মোতালেব। তাঁর ফ্ল্যাট থেকেই শব্দ ও ঝাঁকুনির উৎপত্তি। বিস্ফোরণে ফ্ল্যাটটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণজনিত আগুনে দগ্ধ হন মোতালেবের মা, ছেলে ও মেয়ে। তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা নগরের একটি পোশাক কারখানার কর্মকর্তা মিঠুন চক্রবর্তী। একটি কাজে সকালে অফিসে যাওয়ার কথা ছিল তাঁর। সে জন্য রাতে মুঠোফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, ‘সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিলেও ১০ থেকে ১২ মিনিট আগেই বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রচণ্ড শব্দে ঘরের সবাই দৌড়ে নিচে নামতে থাকে। দেখি, ঘরের দরজা-জানালা সব ভেঙে গেছে। আর অফিসে যাওয়া হয়নি।’

তৃতীয় তলার আরেকটি ফ্ল্যাটের বাসিন্দা পঙ্কজ চক্রবর্তীর ঘরের দরজা ও কাচের জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। খোলা ঘরে অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি বলেন, এমন বিভীষিকাময় একটি ভোর গেছে, সেটি বলার মতো নয়।

পঞ্চম তলার বাসিন্দা মো. সরওয়ার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘শব্দ ও ঝাঁকুনিতে মনে হয়েছে বিছানা থেকে আমি পড়ে যাব। উঠে সবাইকে নিয়ে বের হতে গিয়ে দেখি ঘরের দরজা ভেঙে পড়ে রয়েছে। এমন ভয় আর পাইনি কোনো দিন।’

শুধু ভবনের বাসিন্দারা নয়, আশপাশের ভবনের বাসিন্দারাও বিস্ফোরণ ও আগুনে আতঙ্কিত হয়ে পড়ে। মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি অংশের দেয়ালসহ আসবাব উড়ে গিয়ে ভেঙে ফেলেছে পাশের ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের গ্রিল ও জানালা। বিস্ফোরণে পাশের আরেকটি ভবনের তৃতীয় তলার দেয়াল ভেঙে গেছে।

পাশের ভবনের বাসিন্দা জুয়েল পাল বলেন, ‘আমাদের বিল্ডিংয়েও ধাক্কা লাগে। ভয় পেয়ে নিচে নেমে আসি।’