ঘড়িয়ালের বাচ্চাটি মারা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী চিড়িয়াখানায় জেলেদের দান করা ঘড়িয়ালের বাচ্চাটি মারা গেছে। জেলেদের দান করার ৪৪ দিনের মাথায় গতকাল শনিবার দুপুরে চিড়িয়াখানার চৌবাচ্চা থেকে এটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে, টানা শীতের মধ্যে রোদ পোহানোর সুযোগ না পাওয়ায় এটির মৃত্যু হয়ে থাকতে পারে। রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মা নদীতে গত ১০ ডিসেম্বর এক জেলের জালে প্রায় দুই ফুট লম্বা ঘড়িয়ালের বাচ্চাটি ধরা পড়ে। সেদিনই ইসমাইল ও আরিফুজ্জামান নামের দুই যুবক ঘড়িয়ালটি চিড়িয়াখানায় হস্তান্তর করে।চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, বাচ্চাটা ভালোই ছিল। খাবারও খেত। একটু বড়ও হয়েছিল। কিন্তু কেন মারা গেল তাঁরা বুঝতে পারছেন না। তিনি কর্তৃপক্ষের অবহেলার কথা অস্বীকার করেন। চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ফরহাদ উদ্দিন বলেন, শীতে কয়েক দিন সূর্যের মুখই দেখা যায়নি। এ সময় বাচ্চাটি ওপরে উঠে থাকলেও রোদ পোহানোর সুযোগ পায়নি। নদীতে তারা দীর্ঘক্ষণ টানা রোদে শুয়ে থাকে। তিনি বলেন, বড় ঘড়িয়ালের হামলার ভয়ে তাকে আলাদা করে কচ্ছপের খাঁচায় রাখা হয়। আগামীকাল (আজ) সকালে ঘড়িয়ালটির ময়নাতদন্ত হবে। তখন মৃত্যুর কারণ বলা যাবে।