চ ট্ট গ্রা মে আ জ
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ: কেন্দ্রীয় নেতা নুরুদ্দীন জাহেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বিকেল চারটায়, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে।
স্পর্শ: সংগঠনের উদ্যোগে জেএসসি ও পিএসসির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সকাল নয়টায়, ফতেয়াবাদ কলেজ মিলনায়তনে।
বন্দর পতেঙ্গা সচেতন নাগরিক পরিষদ: চট্টগ্রাম ১০ আসনে ১৪-দলীয় জোট নেতা জসীমউদ্দিনকে মনোননয়ন দানের জন্য মতবিনিময় সভা, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাব।
রামগড়ে বিশুদ্ধ পানির সংকট
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
পাম্প নষ্ট হয়ে খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার বড় একটা অংশে গত আড়াই মাসেরও বেশি সময় বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ওই সব এলাকায় পানির জন্য হাহাকার চলছে। রামগড় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলী মো. আবদুল মান্নান জানান, এলাকার চৌধুরীপাড়ায় পৌরসভা কর্তৃক স্থাপিত উৎপাদক নলকূপের (বড় নলকূপ) ফিল্টারে বালু ঢুকে গত ৭ আগস্ট পাম্পটি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ফলে গত আড়াই মাসেরও বেশি সময় গর্জনতলী, মাস্টারপাড়া, চৌধুরীপাড়া, কমপাড়া প্রভৃতি এলাকার গ্রাহকেরা (১৫০ গ্রাহক, পৌরসভার মোট গ্রাহক ২৬০) পানির তীব্র সংকটে ভুগছেন। পানি সমস্যার বিষয়ে ইতিপূর্বে পৌর মেয়র ও খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
মাস্টারপাড়ার মো. শাহ আলম ও গর্জনতলীর নারায়ণ দেবনাথ জানান, এলাকাবাসী এখন পুকুর ও পাহাড়ি কুয়ার পানি ব্যবহার করছে।
পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাদশা মিয়া জানান, নষ্ট পানির পাম্পটি মেরামত করতে ২০-২২ লাখ টাকার প্রয়োজন। বর্তমানে পৌরসভার কাছে এত টাকা নেই। নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন এই প্রতিনিধিকে বলেন, রামগড় শহরে পানি সরবরাহ নিশ্চিত করতে সোয়া দুই কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে রামগড়-বল্টুরাম সড়কের পাশে পাম্প স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে পানির সমস্যা থাকবে না। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালে আগত রোগী ও তাদের আত্মীয়স্বজন পানির অভাবে অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে।