চঁাদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ
চাঁদা না পেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল বৃহস্পতিবার উপজেলার পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় মাস আগে থেকে পাথারপাড়া গ্রামের সরাফত আলীর ছেলে সবুজ মিয়া ও তাঁর কয়েকজন সহযোগী ব্যবসায়ী রফিকুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন৷ এর পর থেকে মুঠোফোনে তাঁরা চাঁদা দেওয়ার জন্য তাগিদ দিতে থাকেন৷ চাঁদা না দেওয়ায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সবুজ ও তাঁর কমপক্ষে ৩০ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের বাড়িতে ঢুকে তাঁকে খুঁজতে থাকেন৷ এ সময় রফিকুল বাড়ি থেকে পালিয়ে যান৷ এরপর সবুজ ও তাঁর লোকজন বাড়ির লোকদের পিটিয়ে আহত করেন এবং মালামাল ভাঙচুর ও লুটপাট করেন৷ হামলাকারীরা রফিকুলের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চলে যান৷
অভিযোগের ব্যাপারে সবুজের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা ফোন ধরেননি৷ শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ জমি নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে তিনি ধারণা করছেন৷