চউক চেয়ারম্যান পদে ছালামের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে মো. আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর আগের মেয়াদের দুই বছর শেষ হচ্ছে।২৬ এপ্রিল সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১১ সালের ২৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চউকের চেয়ারম্যান পদে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হলো। তিনি আগের নিয়ম অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।চউক সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ এপ্রিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. আবদুচ ছালামকে দুই বছরের জন্য চউকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২৮ এপ্রিল তিনি ওই পদে যোগ দেন। দুই বছর পূর্ণ হওয়ার পর আবার তাঁর মেয়াদ বাড়ানো নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে দলের একাংশ তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের নেতৃত্বে অন্য একটি অংশ তাঁর পক্ষে সরাসরি অবস্থান নেয়।