চউক চেয়ারম্যানকে অপসারণের দাবি কর্মচারী লীগের
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামকে অপসারণের দাবি করেছে চউক কর্মচারী লীগ। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বখতেয়ার উদ্দিন খান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল চৌধুরী, চউক কর্মচারী লীগের সহসাধারণ সম্পাদক আবুল কালাম পাটোয়ারী, রেলওয়ে শ্রমিক লীগের সহসভাপতি অরুণ চন্দ্র দাশ প্রমুখ।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ‘চউক চেয়ারম্যান আবদুচ ছালাম মুক্তিযুদ্ধের পক্ষের কর্মকর্তা-কর্মচারীদের রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করেছেন। অন্যদিকে জামায়াত-শিবিরের সমর্থকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এর মধ্যে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’
হাবিবুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আবদুচ ছালাম তাঁর বিভিন্ন অপকর্ম ঢাকা দেওয়ার জন্য নীতিমালা ভঙ্গ করে মন্ত্রী-সাংসদ এবং আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ব্যবসায়িক অংশীদারদের ৫৭টি প্লট দিয়েছেন।
এদিকে সংবাদ সম্মেলনে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আবদুচ ছালাম। তিনি বলেন, ‘নানা অনিয়মের কারণে হাবিবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। তাই ভিত্তিহীন সব অভিযোগ এনে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।’