চউক চেয়ারম্যানের বিরুদ্ধে আ.লীগের সমাবেশের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যানের বিরুদ্ধে সমাবেশের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একাংশ। আগামী রোববার সিডিএ ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সিডিএর একজন কর্মচারীকে রাজশাহীতে বদলি করার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, চউকের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক। একসময় তিনি নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। তবে নগর আওয়ামী লীগের কোন্দলের নতুন মেরুকরণে এখন একে অন্যের বিরোধী অবস্থানে। সিডিএ ভবনের সামনে সমাবেশ ডাকার কথা নিশ্চিত করে মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, ‘আমরা চউকে যেতে চাইনি। আবদুচ ছালাম আমাদের যেতে বাধ্য করছেন। কর্মচারী লীগের একজন নেতাকে অন্যত্র বদলি করছেন।’চউক সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি সিডিএর সাঁটলিপিকার (স্টেনোগ্রাফার) মোহাম্মদ হাবিবুর রহমানকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে (রাউক) বদলি করা হয়। সোমবার বিকেলে তাঁকে চউকের কর্মস্থল থেকে অবমুক্তও করা হয়। শ্রমিক লীগের নেতাদের চাপে মঙ্গলবার সিডিএ চেয়ারম্যান তাঁর বদলির আদেশ স্থগিত করেন। পরে হাবিবুর রহমানের বদলির প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে কর্মচারী লীগ চউকের ভবনের সামনে সমাবেশ ডাকে। সমাবেশে চউকের চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়। হাবিব সিডিএ শাখা কর্মচারী লীগের সাধারণ সম্পাদক।চউকের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম বলেন, ‘সিডিএর যেকোনো কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ কিংবা বদলির তত্ত্বাবধান করে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে আইনে সমস্যা থাকলে আইনিভাবেই তার সমাধান হবে। বাইরের মানুষ এসে চউকে মিছিল-সমাবেশ করে কী লাভ? চট্টগ্রামের মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। চট্টগ্রামের মানুষ তাঁদের ভালো করে চিনেছে। ভবিষ্যতে তাঁরা আরও পচবেন।’বদলির আদেশ পাওয়া হাবিবুর রহমান দাবি করেন, ‘শ্রম আইন অনুযায়ী কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অথবা কোষাধ্যক্ষকে তাঁর সম্মতি ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় বদলির সুযোগ নেই। কিন্তু আমার সম্মতি ছাড়াই আমাকে রাজশাহীতে বদলির আদেশ দেওয়া হয়েছে।’