চউক শ্রমিক লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।জানা গেছে, সংবর্ধনা সামনে রেখে গতকাল দুপুরে এক পক্ষ মিছিল নিয়ে চউক ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন চউকের প্রধান ফটক অবরোধ করে সমাবেশ করে তারা। এ সময় অন্য পক্ষের লোকজন তাদের ধাওয়া দেন।চউক সূত্র জানায়, আবদুচ ছালামকে চউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকেলে চউক ভবন মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে চউক সিবিএ। আরেক অংশ দুপুরেই তাঁর পদত্যাগ দাবি করে কোতোয়ালি মোড়ে মিছিল নিয়ে জড়ো হয়। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান মিছিলের নেতৃত্ব দেন। শ্রমিক লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ভেতরে ঢুকতে চাইলে পুলিশ চউকের প্রধান ফটক বন্ধ করে দেয়।পরে চউক ফটকের সামনে বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, ডক বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, লবণ শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন, ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং জহুর হকার্স মার্কেট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া বক্তব্য দেন। এ সময় ফটকের ভেতর পুলিশ মোতায়েন করা হয়।সমাবেশ চলাকালে চেয়ারম্যানের সমর্থক চউকের কর্মচারীরা মিছিল করে সমাবেশস্থলে আসার চেষ্টা করেন। তাঁরা শ্রমিক লীগের সমাবেশ লক্ষ্য করে জুতা দেখান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।ফটকের বাইরে সমাবেশ সম্পর্কে চউক কর্মচারী লীগের একাংশের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত। তিনি জামায়াতের সঙ্গে আঁতাত করে চউক চালাচ্ছেন। আবদুচ ছালাম অবিলম্বে চেয়ারম্যান পদ না ছাড়লে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব।’তবে চউকের চেয়ারম্যান-সমর্থিত কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান, শ্রমিক লীগের নামে কিছু লোক ফটকের বাইরে উসকানিমূলক মিছিল-সমাবেশ করলে আমরা তাঁদের ধাওয়া দিই। এরপর তাঁরা চলে যান।সংবর্ধনা: বিকেলে চউক ভবনের চতুর্থ তলায় আবদুচ ছালামকে সংবর্ধনা দেওয়া হয়। এতে ছালাম বলেন, ‘গত দুই বছরে চট্টগ্রামের উন্নয়নের স্বর্ণদুয়ার খুলে গেছে। যাঁরা লালদীঘি মাঠে বক্তৃতা করেন, তাঁরা চট্টগ্রামের উন্নয়নে একটি প্রকল্পও ঢাকায় পাঠাননি।’